সুন্দরবনের শ্যালা নদীতে জ্বালানিবাহী জাহাজডুবির ঘটনার ক্ষতি ও জীববৈচিত্র্যের ওপর প্রভাব নিরুপণে তথ্য উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণ করছে জাতিসংঘের পর্যবেক্ষক দল। আগামী রবিবার পর্যন্ত তারা এ কাজ করবেন। ৩১ ডিসেম্বর সরকারের কাছে চূড়ান্ত প্রতিবেদন হস্তান্তর করা হবে। এরপর গণমাধ্যমকেও সংশ্লিষ্ট বিভিন্ন তথ্য জানানো হবে।
বুধবার সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের আন্ধারমানিক এলাকায় একটি লঞ্চে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানানো হয়।
বাগেরহাট প্রতিনিধি ও মংলা সংবাদদাতা জানান, সকালে ৪টি স্পিড বোট ও দুইটি ছোট লঞ্চ যোগে চাঁদপাই বন্যপ্রানী অভায়ারণ্যসহ শ্যালা নদী থেকে হরিণটানা খাল পর্যন্ত দীর্ঘ এলাকা পর্যবেক্ষন শুরু করে। ৬টি দলে বিভক্ত হয়ে বিশেষজ্ঞ ভাগ হয়ে বিভিন্ন যন্ত্র দিয়ে শ্যালা নদীসহ ক্ষতিগ্রস্ত এলাকার পানি, নদীর তলদেশেসহ মাটি, ফার্নেস অয়েল লেগে থাকা বিভিন্ন প্রজাতির ঘাস, গাছপালাসহ পরিক্ষা-নিরিক্ষা ও জীব-বৈচিত্র্যের বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করেছেন।
সাংবাদিক সম্মেলনে পর্যবেক্ষক দলের প্রধান এমেলিয়া ওয়ালস্ট্রম বলেন, শ্যালা নদীতে তেল বিপর্যয়ে ফার্নেস তেলের ক্রিয়া—প্রতিক্রিয়া বিষয়ে তারা অনেকগুলো লক্ষ্য সামনে রেখেছেন। এর মধ্যে কয়েকটি হলো- সুন্দরবনের কি ধরনের ক্ষতি হতে পারে, তা নিরুপণ করা । সুন্দরবনের উপর নির্ভরশীল মত্স্য— বনজীবী ও বন সন্নিহিত লোকালয়ের মানুষের জীবন-জীবিকার উপর কি ধরনের প্রভাব পড়তে পারে সেসব বিষয়ের উপর গুরুত্ব দিয়ে প্রতিনিধি দলটি ২৮ ডিসেম্বর পর্যন্ত কাজ করবে। ৩১ ডিসেম্বর সরকারের কাছে তারা প্রতিবেদন পেশ করবেন।
এদিকে মংলা বন্দর কর্তৃপক্ষ ও জেলা প্রশাসন সূত্রে জানা গেছে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সচিব শফিক আলম মেহেদী এবং পরিবেশ ও বন মন্ত্রনালয়ের সচিব মো. নজিবুর বুধবার দুপুরে বাগেরহাটের মংলায় গিয়েছেন।
বাগেরহাটের জেলা প্রশাসক মু. শুকুর আলী জানান, নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সচিব শফিক আলম মেহেদী রহমান মংলায় পৌঁছেছেন। তিনি মংলা-কুমারখালী-ঘষিয়াখালী নৌ-পথে বিআইডাব্লিউটিএ এর চলমান খনন কাজ পরিদর্শন করবেন। পরে তিনি জাতিসংঘ বিশেষজ্ঞ দলের সাথে দেখা করতে সুন্দরবনে যেতে পারেন।
তিনি বলেন, পরিবেশ ও বন মন্ত্রনালয়ের সচিব মো. নজিবুর রহমান আজ বিকালে শেলা নদীর ট্যাঙ্কার দুর্ঘটনাস্থল পরিদর্শন করে জাতিসংঘ প্রতিনিধি দলের সাথে কথা বলবেন। বিকেলে স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের সাথে নৌ-পরিবহণ মন্ত্রণালয়ের সচিবের এবং সন্ধ্যায় পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিবের মত বিনিময় সভা করার কথা রয়েছে। উভয় সভা মংলা বন্দর কর্তৃপক্ষের সভাকক্ষে অনুষ্ঠিত হবে বলে জেলা প্রশাসক জানান।
