ইসরাইলের বিমান হামলায় একটি তেল ট্যাংক ধ্বংস এবং পরিবেশের ক্ষতি হওয়ায় ইসরাইলেকে ৮৫০ মিলিয়ন মার্কিন ডলার ক্ষতিপূরণ দেয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। এই অর্থ লেবাননকে দিতে হবে। গত শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদে সর্বসম্মতিক্রমে এ সংক্রান্ত একটি প্রস্তাব পাস হয়। গত শনিবার ইসরাইলের দৈনিক টাইমস অব ইসরাইলের অনলাইনে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
২০০৬ সালে লেবানন ভিত্তিক জঙ্গি সংগঠন হিজবুল্লাহ বিরোধী অভিযান চালানোর সময় ইসরাইলের জেট বিমানের হামলায় লেবাননের একটি তেল ট্যাংকার ধ্বংস হয়। এই তেল লেবানন ও সিরিয়ার উপকূলীয় এলাকার পানিতে ছড়িয়ে পড়ে। এর ফলে লেবাননকে পানির উপর ভাসমান তেল পরিষ্কার করতে প্রচুর অর্থ ব্যয় করতে হয়। পরিবেশেরও ব্যাপক ক্ষতি হয়। এজন্য লেবানন ইসরাইলের কাছে ক্ষতিপূরণ দাবি করে এবং জাতিসংঘে কূটনৈতিক তত্পরতা চালায়। ১৯৯২ সালের পরিবেশ ও উন্নয়ন সংক্রান্ত রিও ঘোষণা অনুযায়ী ইসরাইলকে এই জরিমানা করে জাতিসংঘ। জাতিসংঘের তদন্তে ২০০৬ সালের ১৫ জুলাইয়ের এই ঘটনায় ইসরাইল দোষী সাব্যস্ত হয়।
