গাজীপুর জেলা ২০ দলীয় জোটের উদ্যোগে আয়োজিত জনসভায় যোগ দিতে ২৭ ডিসেম্বর শনিবার গাজীপুর যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গাজীপুরের ভাওয়াল বদরে আলম ডিগ্রি কলেজ মাঠে এ জনসভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন। বুধবার রাতে চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে দলের সিনিয়র বেশ কয়েকজন নেতা ও গাজীপুর জেলা বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে বৈঠককালে এ সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। খালেদা জিয়া বলেন, যেহেতু জনসভা করার বিষয়ে কলেজ কর্তৃপক্ষ অনুমতি দিয়েছেন সেহেতু জনসভায় করতে প্রতিবন্ধকতা থাকার কোনো অবকাশ নেই। জনসভা যথাসময়েই অনুষ্ঠিত হবে।
বৈঠক সূত্র জানায়, খালেদা জিয়ার শনিবার দুপুর ২টার দিকে গুলশান বাসভবন থেকে গাজীপুরের জনসভার উদ্দেশ্য রওনা হবেন। বৈঠকে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আ স ম হান্নান শাহ, গাজীপুর পৌরসভার মেয়র অধ্যাপক এম এ মান্নান, গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন, সাধারণ সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুলসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।
