হংকংয়ের রাস্তায় ডলার বৃষ্টি

আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৪, ১৯:১৩



খ্রিষ্টানদের শুভ বড়দিনের প্রথম প্রহরে হংকংয়ের ওয়েন চাই জেলায় হঠাৎ করেই হয়ে গেল ডলার বৃষ্টি। উড়তে থাকা সেই হংকং ডলার কুড়াতে এমনই হুড়োহুড়ি শুরু হয়ে যায় যে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতে হয় পুলিশকে।

খবরে জানা গেছে, একটি ব্যাংকের গাড়ি ঐ রাস্তা দিয়ে ডলার যাচ্ছিল। কিন্তু হঠাৎ পিছন থেকে পড়ে যায় টাকার বাক্সটি। আর তা মাটিতে পড়তেই ধাক্কায় খুলে যায় ঢাকনা। এরপর বাতাসে রাশি রাশি নোট (হংকং ডলার) উড়তে থাকে হাওয়ায়। হুড়োহুড়ি পড়ে যায় সেই নোট কুড়াতে। গাড়ির চালক টাকা কুড়াতে নিষেধ করলেও সেদিকে কেউ কর্ণপাত করেন নি। এরপর অস্ত্র হাতে একেবারে সাঁজোয়া যান নিয়ে আসে পুলিশ। ততক্ষণে লোপাট হয়ে গিয়েছে ১০ লক্ষ ২৫ হাজার হংকং ডলার।

এদিকে পুলিশ ঘোষণা করেছে, যারা রাস্তায় পড়ে থাকা এই টাকা চুরি করেছেন, তারা যেন ফেরত দিয়ে দেন। তা না হলে চুরির দায়ে তাদের গ্রেফতার করা হবে। পুলিশের কাছে আছে সেই জায়গার সিসিটিভি ফুটেজ।