ছাত্রলীগকে ‘জঙ্গি’ ও ‘বেয়াদব’ সংগঠন আখ্যা দিয়ে তাদের প্রতিহত করার ঘোষণা দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। বৃহস্পতিবার বিএনপির ছাত্র সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক আকরামুল হাসান এক বিবৃতিতে এ ঘোষণা দেন।
বিবৃতিতে ‘বিএনপি নেতাদের নেড়ি কুত্তার মতো পিটানোর’ ঘোষণা দেয়াকারী ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমের ‘শিষ্টাচার বিবর্জিত বক্তব্য এবং নস্ফিল আস্ফাালনের’ তীব্র প্রতিবাদ জানান ছাত্রদলের এই দুই শীর্ষ নেতা।
তারা বলেন, ছাত্রলীগ যে শুধু প্রতিপক্ষকে কটূ ভাষায় আক্রমণ করে তা নয়, নানা সময়ে এই সংগঠনটির অশালীন আক্রমণের শিকার হয়েছে আওয়ামী লীগের অনেক জ্যেষ্ঠ নেতাও। ছাত্রলীগ বরাবরই ব্যস্ত থেকেছে টেন্ডারবাজি, অস্ত্রবাজি আর দখলবাজি নিয়ে। ছাত্রদল নেতৃদ্বয় অবিলম্বে ছাত্রলীগের সাধারণ সম্পাদককে ‘সোহরাওয়ার্দী উদ্যানের দোকানদারদের কাছ থেকে চাঁদা তোলার ভাষা’ পরিহার করতে বলেন। পৃথক এক বিবৃতিতে ছাত্রদল সভাপতি ও সাধারণ সম্পাদক বুধবার বকশিবাজারে আদালতের বাইরে নেতাকর্মীদের ওপর ‘ছাত্র-যুবলীগের বর্বরোচিত হামলার’ নিন্দা ও প্রতিবাদ জানান।
