ভারতের নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন বলেছেন, তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যে আস্থা পেলেও তার ‘ধর্মনিরপেক্ষতা’ ইস্যুতে সন্তুষ্ট নন। বৃহস্পতিবার দেশটির প্রভাবশালী দৈনিক এনডিটিভি’র এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অমর্ত্য সেন এ কথা বলেন।
এনডিটিভি’র এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অমর্ত্য সেনকে জিজ্ঞাসা করা হয়, প্রধানমন্ত্রী মোদীর বিষয়ে তার আগের অবস্থানের কোনো পরিবর্তন হয়েছে কিনা। জবাবে বিশ্বখ্যাত এই অর্থনীতিবিদ বলেন, তিনি বিভিন্ন সময়ে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের বিষয়ে নানা মন্তব্য করেছেন। সেগুলোর কোনটি সঠিক এবং কোনটি ভুল প্রমাণিত হয়েছে। দেশটির ১৬তম লোকসভা নির্বাচনের আগে অর্থনীতিবিদ অধ্যাপক অমর্ত্য সেন বলেছিলেন, তিনি মোদীকে দেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান না। তবে বর্তমানে প্রধানমন্ত্রী মোদী অপুষ্টি এবং স্যানিটেশনসহ কিছু বিষয়ে যে বক্তব্য দিচ্ছেন সেই বিষয়ে তিনি সন্তুষ্ট। তবে মোদীর ধর্মনিরপেক্ষতা ইস্যুর উপর তিনি এখনো আস্থা আনতে পারছেন না।
