ইরাকে আইএসের (ইসলামিক স্টেট) বিরুদ্ধে কুর্দিদের আক্রমণ জোরদার হয়েছে। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের বেশ কিছু এলাকা পুনর্দখল করেছে কুর্দি পেশমার্গা বাহিনী। এ দিকে, আইএস জঙ্গিদের মোকাবিলায় তুরস্কের সহযোগিতা চেয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদি। খবর আল-জাজিরা ও আল-আরাবিয়ার।
পেশমার্গা বাহিনীর এক কমান্ডার হাশিম সিতাই জানান, তারা কৌশলগতভাবে গুরুপূর্ণ একটি অঞ্চলের পুনর্দখল নিতে সক্ষম হয়েছেন। তিনি বলেন, ‘আমরা প্রধান সড়কগুলোর নিয়ন্ত্রণও নিয়েছি। এর মধ্যে একটি ইরাক-সিরিয়া সীমান্ত সংযোগকারী সড়ক। আমরা ওই এলাকাগুলোর প্রশাসনিক নিয়ন্ত্রণ নিয়েছি।’
তিনি জানান, যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন বিমান হামলার সাহায্যে তারা এলাকাগুলোর নিয়ন্ত্রণ নিতে সক্ষম হন। তিনি বলেন, ‘মিত্রবাহিনীর জেটগুলো আমাদের লক্ষ্যবস্তুতে আঘাত হানার বিষয়ে নির্দেশনা দিয়েছে, যা সত্যিই নির্ভুল অভিযানের ক্ষেত্রে সহায়তা করেছে।’
এর আগে চলতি সপ্তাহে আইএস সদস্যদের কাছ থেকে ইরাকের উত্তর-পশ্চিমাঞ্চলের বেশ কয়েকটি গ্রামের দখল নেয় পেশমার্গা যোদ্ধারা। সিনজার পর্বত থেকে হাজারো ইয়াজিদিকে উদ্ধার করে তারা। সিনজার পর্বতে গত ১৮ ডিসেম্বর আইএসের নিয়ন্ত্রণ ভেঙে দিতে সক্ষম হয় পেশমার্গা যোদ্ধারা। এ দিকে, সিরিয়াতেও আইএস সদস্যদের ওপর হামলা অব্যাহত রেখেছে কুর্দি বাহিনী। সেখানে স্থানীয় কুর্দিদের সহায়তায় ইরাকী পেশমার্গা বাহিনীর সদস্যরাও যোগ দিয়েছে।
এ দিকে, ইসলামিক স্টেট জঙ্গিদের মোকাবিলায় তুরস্কের সহযোগিতা চেয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদি।
স্থানীয় সময় বৃহস্পতিবার তুরস্কের প্রধানমন্ত্রী আহমেত দেভতগলুর সঙ্গে এক বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। ইরাকি প্রধানমন্ত্রী বলেন, তুরস্কের সহযোগিতায় আমরা এ অঞ্চলে আইএসবিরোধী লড়াই চালিয়ে যেতে পারি। সম্মিলিত শক্তি ব্যবহারের মাধ্যমে আইএসকে পরাস্ত করা সম্ভব’।
হায়দার আল-আবাদি বলেন, ‘আইএস কেবল ইরাক ও তুরস্কের জন্য হুমকি নয়, এটা গোটা অঞ্চলের জন্য হুমকি।’ তিনি আরো বলেন, ‘সেনাবাহিনী প্রশিক্ষণ, অস্ত্র সরবরাহসহ বিভিন্ন বিষয়ে সহযোগিতা করার জন্য তুরস্কের প্রতি আমি আহ্বান জানিয়েছি’।
