সোমালিয়ায় এইউ ঘাঁটিতে হামলা: সেনা ও জঙ্গিসহ নিহত ৯

আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৪, ১৭:০৭
 
সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে স্থানীয় সময় বৃহস্পতিবার আফ্রিকান ইউনিয়নের (এইউ) প্রধান সেনাঘাঁটিতে হামলা চালিয়েছে আল-শাবাব জঙ্গিরা। এ সময় উভয় পক্ষের গোলাগুলিতে তিন সেনাসহ নয় জন নিহত হয়েছেন। খবর আল-জাজিরা ও বিবিসির।
সোমালিয়ার এইউ মিশনের পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ওই হামলায় তিন এইউ সেনা এবং এক বেসামরিক নাগরিক লোক নিহত হয়েছেন। এ ছাড়া, অন্তত পাঁচ হামলাকারী নিহত এবং তিনজন আটক হয়েছে। সোমালিয়ার চরমপন্থী সশস্ত্র ইসলামি সংগঠন আল-শাবাব এ হামলার দায় স্বীকার করেছে। ক্রিসমাস ডের পার্টি লক্ষ্য করে সোমালিয়ায় এইউর প্রধান কার্যালয়ের কাছে জাতিসংঘের কার্যালয় এবং বিভিন্ন এলাকায় অবস্থিত বিদেশি দূতাবাসগুলোতেও হামলার পরিকল্পনা ছিল বলে জানা গেছে।
সোমলিয়ায় আফ্রিকান মিশনের মুখপাত্র কর্নেল আলী এডেন হামেদ বলেন, ‘মোগাদিসুর কাছে অবস্থিত আফ্রিকান ইউনিয়নের ঘাঁটিতে অন্তত আট বন্দুকধারী প্রবেশ করে। আমাদের সেনারা তিনজনকে গুলি করে হত্যা করেছে। দুজন আত্মঘাতী বিস্ফোরণ ঘটিয়েছে। বাকি তিনজনকে বন্দি করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।’
উল্লেখ্য, ২০০৭ সাল থেকে সোমালিয়ায় আফ্রিকান ইউনিয়নের ২২,০০০ সেনা অবস্থান করছে।