সূর্য দেখা যায়নি, আরো দুইদিন তীব্র শীত

আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৪, ১৭:১২
 
সারাদেশের উপর দিয়ে শৈত্য প্রবাহ বয়ে যাওযায় এবং দিনে সূর্যের আলো দেখা না যাওয়ায় রাজধানী ঢাকাসহ দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলে শুক্রবার তীব্র শীত অনুভূত হচ্ছে।
আবহাওয়া অফিস জানায়, শীতের এই অবস্থা আরো ২ দিন থাকতে পারে। সকাল ৬টায় রাজধানী ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অফিস জানায়, পাবনা, যশোর ও কুষ্টিয়া অঞ্চলের উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।
এছাড়া মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারী থেকে ঘন কুয়াশা পড়তে পারে।
আজ সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
আবহাওয়া অফিস জানায়, আগামী জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে দেশের বিভিন্ন স্থানের উপর দিয়ে মৃদু থেকে মাঝারী ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।