সৌদি নারীদের গাড়ি চালানোর মামলা সন্ত্রাসবিরোধী আদালতে

আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৪, ১৭:১৬
 
 
 
 
সৌদি আরবে গাড়ি চালানোর দায়ে আটক দুই নারীর মামলা একটি সন্ত্রাসবিরোধী আদালতে পাঠানো হয়েছে। দেশটির মানবাধিকারকর্মীদের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো  এ খবর জানিয়েছে। খবর বিবিসির।
গাড়ি চালানোর দায়ে গ্রেপ্তার হওয়া লাউজেইন আল-হাথলৌল (২৫) ও মাইশা আল-আমুদি (৩৩) প্রায় এক মাস ধরে সৌদি কারাগারে আটক রয়েছেন। মানবাধিকার কর্মীরা জানান, গাড়ি চালানোর অভিযোগ নয়, বরং টুইটার ও অন্যান্য সামাজিক যোগাযোগের মাধ্যমে এ বিষয়ে নিষেধাজ্ঞা উঠিয়ে নেয়ার মতামত প্রকাশ করায় তাদের সন্ত্রাসবিরোধী আদালতে পাঠানো হয়েছে। এখন থেকে অন্য কোনো নারী গাড়ি চালালে তাদেরও সন্ত্রাসবিরোধী আদালতে বিচার করা হবে বলে জানিয়েছে পুলিশ।
উল্লেখ্য, বিশ্বে একমাত্র সৌদি আরবেই নারীদের গাড়ি চালানো থেকে বিরত রাখা হয়। সে দেশে সরাসরি নারীদের গাড়ি চালানো নিষিদ্ধ করা না হলেও তাদের লাইসেন্স দেয়া হয় না। শুধু পুরুষদেরই এই লাইসেন্স দেয়া হয়।
বার্তা সংস্থা এপি জানিয়েছে, গত বছরের ১ ডিসেম্বর প্রতিবেশী সংযুক্ত আরব আমিরাত থেকে গাড়ি চালিয়ে সৌদিতে প্রবেশের সময় আটক হন হাথলৌল। আরব আমিরাত-ভিত্তিক সৌদি সাংবাদিক আল-আমুদি হাথলৌলকে সহযোগিতা করতে সীমান্তে পৌঁছালে তাকেও আটক করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করা হয়। সৌদি নারীরা অনেক দিন থেকেই এই কালো আইন বাতিলের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে প্রচারণা চালাচ্ছেন।