সরকারের উদাসীনতায় বিপর্যয়ে পড়েছে সুন্দবরন: বিএনপি

আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৪, ১৯:৫৮
 
 
বিএনপির গঠিত তদন্ত কমিটি জানিয়েছে, শেলা নদীতে ট্যাংকার ডুবে সুন্দরবনের বিস্তীর্ণ অঞ্চলে তেল ছড়িয়ে পড়ার ঘটনায় সরকারের উদাসীনতা ও অপরাজনীতি দায়ী। 
এতে সুন্দরবন ‘দীর্ঘস্থায়ীভাবে মারাত্মক ক্ষতি’র মুখে পড়বে বলে আশঙ্কাপ্রকাশ করে উত্তরণে ছয় দফা সুপারিশ করেছে কমিটি।
শুক্রবার সকালে সংবাদ সম্মেলনে সুন্দরবনে তেলের জাহাজডুবির ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রধান সাবেক পানি সম্পদমন্ত্রী হাফিজ উদ্দিন আহমেদ প্রতিবেদন তুলে ধরেন।
তিনি বলেন, অনুসন্ধানে জানা গেছে, ওটি সাউদার্ন স্টার-৭ প্রকৃতপক্ষে ছিল বালু ও পাথর টানার জীর্ণ জাহাজ। এই সাধারণ কার্গো জাহাজকে তেলের ট্যাংকারে রূপান্তরিত করা হয়েছে, যেটি তেল বহনে অনুপযুক্ত। এর কোনো ফিটনেস সার্টিফিকেট ছিল না। এটি অবৈধ রুটে বেআইনিভাবে তেল পরিবহনে নিয়োজিত ছিল। এক্ষেত্রে সরকারের নিষ্ক্রিয়তা অমার্জনীয়।
 
“আমরা মনে করি, তেলবাহী ট্যাংকার জাহাজের দুর্ঘটনা সরকারের অপরাজনৈতিক কর্মকাণ্ডের ফসল। এই জাহাজটির মালিক একজন মন্ত্রীর শ্যালক। জাহাজটি প্রায়ই খুলনা থেকে তেল নিয়ে সুন্দরবনের মধ্য দিয়ে নিষিদ্ধ রুটে অবৈধভাবে দেশের বিভিন্ন স্থানে পৌঁছে দিত। এক্ষেত্রে কর্তৃপক্ষের গাফিলতিই এই দুর্ঘটনার প্রধান কারণ।
 
সকালে গুলশানে চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয়ে সংবাদ সম্মেলন হয়। নির্দিষ্ট সময়ের একদিন আগেই বুধবার রাতে দলীয় প্রধানের কাছে প্রতিবেদনটি জমা দেন ৭ সদস্যের তদন্ত কমিটির প্রধান হাফিজ।