কুড়িগ্রামের চিলমারি উপজেলা ও গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার মধ্যবর্তী স্থানে তিস্তা নদীর উপর একটি সেতু নির্মাণ করা হবে। প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ এ সেতু নির্মাণ করতে ৮ কোটি ১০ লাখ ৩০ হাজার মার্কিন ডলার ব্যয় হবে। এর মধ্যে ৫ কোটি ডলার দেবে সৌদি ফান্ড ফর ডেভেলপমেন্ট। এ বিষয়ে শুক্রবার সৌদি সরকারের সাথে একটি ঋণ চুক্তি করেছে সরকার।
রাজধানীর এনইসি সম্মেলন কক্ষে সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের যুগ্ন সচিব মোহাম্মদ আমজাদ হোসাইন ও সৌদি সরকারের পক্ষে সৌদি এক্সপোর্ট প্রোগ্রামের মহাপরিচালক আহমেদ আল ঘানাম ঋণচুক্তি সই করেন। অনুষ্ঠানে ইআরডি ও সৌদি দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জানানো হয়, সেতুটির নির্মাণ কাজ শেষ হলে উত্তরবঙ্গের কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার মধ্যে আন্তসংযোগ প্রতিষ্ঠিত হবে। এর ফলে জাতীয় মহাসড়কের সাথে কুড়িগ্রাম জেলার সরাসরি সংযোগ স্থাপন হবে। পাশাপাশি রাজধানী ঢাকাসহ সারাদেশের সাথেই জেলা দুটির দুরত্ব কমে আসবে।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় প্রকল্পটির প্রস্তাব করেছে। এটি বাস্তবায়ন করবে মন্ত্রনালয়ের আওতাধীন সংস্থা স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি)। ২০১৭ সালের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার লক্ষ্যমাত্রা রয়েছে।
চুক্তি অনুষ্ঠানে আহমেদ আল ঘানাম বলেন, সৌদি সরকারের অর্থায়নে বাংলাদেশে ১৭টি উন্নয়ন প্রকল্প চলমান রয়েছে। এর পাশাপাশি শিক্ষা,স্বাস্থ্য, যোগাযোগ, পানি ও পয়ঃনিষ্কাশন খাতে দেশটি বাংলাদেশে সহায়তা বাড়াবে। সেতুটি নির্মাণে সহজ শর্তে ঋণ দিচ্ছে সৌদি ফান্ড। ঋণ পরিশোধে সময় পাওয়া যাবে ২৫ বছর। এর মধ্যে রেয়াতকাল ধরা হয়েছে ৫ বছর। রেয়াতবাল পরবর্তী সময়ে প্রতি বছর দুই শতাংশ হারে সুদ ধার্য করা হয়েছে।
