মোদী সান্তা ক্লস

আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৪, ০১:২৬

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হয়ে গেলেন সান্তাক্লস! দেশটির গণমাধ্যম দূরদর্শনের ভুলের নতুন সংযোজন এটি। এবার চ্যানেলে অনুষ্ঠান সম্প্রচারের সময় নয়, ভুল হয়েছে দূরদর্শনের টুইটার অ্যাকাউন্ট থেকে।

গত বুধবার সকালে দূরদর্শনের টুইটার অ্যাকাউন্ট থেকে একটি ছবি আপলোড করা হয় যার নীচে লেখা ছিল, ‘জিঙ্গল অল দ্য ওয়ে! সান্তাক্লসের বেশে একজন চীনের চিড়িয়াখানায় বাদরদের খাওয়াচ্ছেন। অথচ ছবিতে দেখা যাচ্ছে, মোদীর পাশাপাশি রয়েছেন বিজেপি সভাপতি অমিত শাহ, স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং ও পররাষ্ট্র মন্ত্রী সুষমা স্বরাজ। ভুল যতক্ষণে নজরে আসে, ততক্ষণে আর কিছু করার ছিল না। সোশ্যাল মিডিয়ায় সেই ক্যাপশনসহ ছড়িয়ে পড়ে ছবিটি। তুমুল বিতর্কের মধ্যেই দূরদর্শনের পক্ষে তড়িঘড়ি করে  দেয়া হয় একটি বার্তা:  ‘সবাইকে জানানো হচ্ছে, একটি ভুল হয়েছে। সঠিক ক্যাপশনটি আবার দেয়া হয়েছে। দয়া করে খবরের ভুল অর্থ করবেন না। ছবির সঠিক ক্যাপশন: ভবিষ্যত্ কর্মসূচি ঠিক করতে বিজেপি’র সংসদীয় বোর্ডের বৈঠক’। অনিচ্ছাকৃত হলেও এই ভুলের জেরে পদ থেকে সরিয়ে দেয়া হয়েছে সংশ্লিষ্ট কর্মী এবং তার ঊর্ধ্বতন কর্মকর্তাকে। গত সেপ্টেম্বরেই দূরদর্শনের রাতের খবরে এক সংবাদ পাঠক চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকে একাদশ জিনফিং বলে উল্লেখ করেন। রোমান হরফে একাদশ এবং ইংরেজি হরফে শি’র বানান একই। - আনন্দবাজার পত্রিকা