কালু টোডুর বয়স সাত বছর। এখন তার মূল কাজ ছিল স্কুলে যাওয়া। কিন্তু আসামের সেই কালু এখন হাসপাতালে মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছে। কারণ তার শরীরে বোড়ো জঙ্গিরা সাতটি গুলি বিদ্ধ করেছে।
গণমাধ্যমে কালুকে নিয়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। অনেকেই আশ্চর্য হয়েছেন, সাত বছরের বাচ্চাকে সাতটি গুলি করতে হলো! কি এমন অপরাধ ছিল তার! গত মঙ্গলবার আসামের কোকড়াঝাড় ও শোনিতপুরে বোড়ো জঙ্গিরা নির্বিচারে ৮০ জনকে হত্যা করে যাদের বেশিরভাগই আদিবাসী। আহত করে ১৭ জনকে যাদের মধ্যে কালু টোডু অন্যতম। সে এখন গৌহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালের ট্রমা সেন্টারে ভর্তি আছে। স্থানীয় হাসপাতালগুলোতে চিকিত্সা না হওয়ায় উন্নত চিকিত্সার জন্য তাকে এই হাসপাতালে ভর্তি করা হয়। কালু কোকড়াঝাড় থেকে আট কিলোমিটার দূরে পাকরিগুরি গ্রামে তার ছোট্ট ঘরের দরজার সামনে হাঁটছিল। এসময় জঙ্গিরা তার মুখ, কনুই, কোমর এবং হাতে সাতটি গুলি করে। গুলি করা হয় তার মাকেও। পরদিন তার মা হাসপাতালে মারা যান। - টাইমস অব ইন্ডিয়া।
