সুন্দরবনে জাতিসংঘের প্রতিনিধি দলের পর্যবেক্ষণ কার্যক্রম আজ শনিবার শেষ হচ্ছে। আগামী ৩১ ডিসেম্বর দলটি সরকারের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেবে। সুন্দরবনের শেলা নদীতে তেলবাহী ট্যাঙ্কার ডুবিতে ছড়িয়ে পড়া ফার্নেস অয়েলের কারণে পরিবেশ, জীববৈচিত্র্য এবং বন্য ও জলজ প্রাণির ওপর দীর্ঘমেয়াদি ক্ষতিকর প্রভাব খতিয়ে দেখতে গত ২২ ডিসেম্বর থেকে ২৫ সদস্যের বিশেষজ্ঞ প্রতিনিধি দলটি পর্যবেক্ষণ শুরু করে।
সুন্দরবনের চাদপাই রেঞ্জ কর্মকর্তা বেলায়েত হোসেন জানান, শুক্রবার সুন্দরবনের শেলা নদীর বিভিন্ন স্থানে ৫ম দিনের মতো পর্যবেক্ষণ কাজ করছে পর্যবেক্ষক দলের সদস্যরা। বনের জীববৈচিত্র্যের ওপর পর্যবেক্ষণ ছাড়াও এ দলের সদস্যরা স্থানীয় অধিবাসী ও জেলেদের কাছ থেকে সংগ্রহ করছে নানা তথ্য-উপাত্ত। পর্যবেক্ষক দলের সদস্যরা ৬টি দলে বিভক্ত হয়ে নৌকা, ট্রলার, স্পিডবোটে বনের বিভিন্ন পয়েন্টে অবস্থান করছেন। সুন্দরবনের জীববৈচিত্র, জলজ ও বন্যপ্রাণীর আচরণ, বননির্ভর পেশাজীবীদের জীবনযাত্রার বর্তমান অবস্থা এবং তেল অপসারণ পদ্ধতি নিয়ে বনের প্রায় ২০ কিলোমিটার এলাকাজুড়ে পর্যবেক্ষণের কাজ করছেন তারা।
উল্লেখ্য, গত ৯ ডিসেম্বর সুন্দরবনের শেলা নদীতে ট্যাঙ্কার ডুবে যাওয়ার পর ১৫ ডিসেম্বর সরকার জাতিসংঘের কাছে সহায়তা চেয়ে একটি চিঠি দেয়। এর পরিপ্রেক্ষিতে জাতিসংঘের বিশেষজ্ঞ দল সুন্দরবনে আসে।
