দেশের সর্বনিম্ন তাপমাত্রা ঈশ্বরদীতে

আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৪, ১২:২৭
 
রংপুর ও রাজশাহী বিভাগসহ যশোর, কুষ্টিয়া, সাতক্ষীরা ও টাঙ্গাইল অঞ্চলসমূহের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরণের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। শনিবার সকাল ছয়টায় রাজধানী ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস এবং সারাদেশে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ঈশ্বরদীতে ৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। খবর: বাসসের।
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আজ সকাল নয়টা থেকে আগামী ২৪ ঘণ্টায় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আগামী ৭২ ঘণ্টার আবহাওয়ার অবস্থা সম্পর্কে বিজ্ঞপ্তিতে বলা হয়, এসময়ের শেষ দিকে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দেশের দক্ষিণাংশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া দৃশ্যপটের সংক্ষিপ্তসারে বলা হয়, সুস্পষ্ট লঘুচাপটি দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের অদূরে শ্রীলংকা উপকূলে অবস্থান করছে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত।