সোমবার সারাদেশে হরতাল

আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৪, ১২:০৭

 

গাজীপুরে সমাবেশ করতে না দেয়ার প্রতিবাদে আগামীকাল সোমবার সারাদেশে সকাল সন্ধ্যা হরতাল ডেকেছে ২০ দলীয় জোট। শনিবার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে জোটের মহাসচিব পর্যায়ের বৈঠক শেষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই ঘোষণা দেন।

মির্জা ফখরুল  বলেন, গাজীপুরে সমাবেশ করতে না দেয়ায় এবং দলের নেতাকর্মীদের মুক্তির দাবিতে সোমবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল পালনের আহবান জানাচ্ছি। তিনি বলেন, অবৈধ সরকার অবৈধ ক্ষমতাকে চিরস্থায়ী করতে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করছে।

তিনি বলেন, গাজীপুরে বিএনপির সমাবেশে বাধা দিতে সেখানে প্রশাসনের পক্ষ থেকে ১৪৪ ধারা জারি করা হয়। সারাদেশে ২০ দলীয় জোটের বিক্ষোভ কর্মসূচিতে বাধা দেয়া হয়েছে। অনেককে গ্রেফতার করা হয়েছে। এর প্রতিবাদের হরতালের ঘোষণা দেয়া হলো।