সড়ক দুর্ঘটনার সাজা বৃদ্ধি করা হবে: আইনমন্ত্রী

আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৪, ১৯:২৭



আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, ‘সড়ক দুর্ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের সাজা বৃদ্ধি করে বিদ্যমান আইন সংশোধন করা হবে।’

শনিবার মহানগর নাট্যমঞ্চের বশিরউদ্দিন মিলনায়তনে ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের ষষ্ঠ মহাসমাবেশে প্রধান অতিথির ভাষণে আইনমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, ‘সড়ক দুর্ঘটনা রোধে শুধু সরকারের উদ্যোগই যথেষ্ট নয়, এ ক্ষেত্রে অন্য সবাইকে সহযোগিতা করতে হবে।’

বিশেষ অতিথির বক্তব্যে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ব্যারিস্টার এম আমীর-উল ইসলাম বলেন, ‘সড়ক দুর্ঘটনার বিষয়টি সামগ্রিক দৃষ্টিকোণ থেকে দেখতে হবে। শুধু শাস্তি দিয়ে সড়ক দুর্ঘটনা রোধ বা সমাজ পরিবর্তন করা সম্ভব নয়। এ জন্য মানুষের সচেতনতা, চালকদের দক্ষতা বাড়ানো দরকার।’