'সড়ক দুর্ঘটনা রোধে সবাইকে সহযোগিতা করতে হবে'

আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৪, ২০:১৫
 
 
 
 
 
আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, ‘সড়ক দুর্ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের সাজা বৃদ্ধি করে বিদ্যমান আইন সংশোধন করা হবে। তিনি বলেন, সড়ক দুর্ঘটনা রোধে শুধু সরকারের উদ্যোগই যথেষ্ট নয়, এ ক্ষেত্রে অন্য সবাইকে সহযোগিতা করতে হবে। শনিবার মহানগর নাট্যমঞ্চের বশিরউদ্দিন মিলনায়তনে ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের ষষ্ঠ মহাসমাবেশে প্রধান অতিথির ভাষণে আইনমন্ত্রী এসব কথা বলেন। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পুনর্বাসনের কথাও জানান তিনি। মহাসমাবেশে সভাপতিত্ব করেন ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।
বিশেষ অতিথির বক্তব্যে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ব্যারিস্টার এম আমীর-উল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনার বিষয়টি সামগ্রিক দৃষ্টিকোণ থেকে দেখতে হবে। শুধু শাস্তি দিয়ে সড়ক দুর্ঘটনা রোধ বা সমাজ পরিবর্তন করা সম্ভব নয়। এ জন্য মানুষের সচেতনতা, চালকদের দক্ষতা বাড়ানো দরকার।
ইলিয়াস কাঞ্চন বলেন, সড়ক দুর্ঘটনা রোধে কঠোর আইনের প্রয়োজন রয়েছে। আইনের প্রয়োগ দেখলে মানুষ সচেতন হয়। তাই দুর্ঘটনার জন্য দায়ী সবাইকে আইনের আওতায় এনে উদাহরণ তৈরি করতে হবে।
মহাসমাবেশে ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের উপদেষ্টা আবদুর রহমান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের একটি প্রকল্পের পরিচালক এম আলী আখতার হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।