বিড়াল চুরির অভিযোগ। তাও আবার প্রেমিকের বিরুদ্ধে। ক্ষুব্ধ প্রেমিকা সাফ জানিয়ে দিয়েছে চোরের সঙ্গে আর সম্পর্ক রাখা সম্ভব নয়। বেচারা প্রেমিক হাজার বার চেষ্টা করেও মেয়েটিকে বোঝাতে সক্ষম হননি যে তিনি তার বিড়াল চুরি করেননি। ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের ওরিগন অঙ্গরাজ্যে। রাস ডিফেন্ড তার প্রেমিকার কিছু পুরনো লেপ তোষক ও আসবাব বিক্রির কাজে সহায়তা করছিলেন। তিনি তার প্রেমিকা নিন্ডোর ম্যাট্রেসটি বিক্রি না করে বাড়ি নিয়ে যাবার আগ্রহ প্রকাশ করেন। এতে নিন্ডো রাজি হন। কিন্তু নিন্ডো বিকালে দেখেন তার প্রিয় বিড়ালটি ঘরে নেই। তিনি ডিফেন্ডকে ফোন করে ঘটনা জানান। ডিফেন্ড বলেন, তিনি এ ব্যাপারে কিছু জানেন না। কিন্তু পরের দিন নিন্ডো তার প্রেমিকের বাড়িতে বিড়ালটি দেখতে পান। ব্যস সাথে সাথে থানায় গিয়ে চুরির অভিযোগ দায়ের করেছেন এবং আসন্ন বিয়েও ভেঙে দেন।
আসল ঘটনা হলো, ডিফেন্ড যে ম্যাট্রেসটি নিজের বাড়িতে নিয়ে গিয়েছিলেন, বিড়ালটি তার কাপড় কেটে তার মধ্যে বাসা বানিয়েছিল। ম্যাট্রেসের সাথে সেও ডিফেন্ডের অজ্ঞাতসারে তার বাড়ি চলে যায়। ঘটনাটি জানার পরও নিন্ডোর রাগ ভাঙেনি। -রয়টার্স
