২০ মামলার আসামি ধলু আটক

আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৪, ১৩:০৪
বহু আলোচিত ২০ মামলার পলাতক আসামি ও সাগর পথে মানব পাচারের শীর্ষ দালাল ধলু হোসেনকে আটক করেছে পুলিশ। রবিবার ভোর রাত সাড়ে তিনটায় ‘শাহপরীর দ্বীপ’ বাজার পাড়ায় নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
অভিযানকারী মডেল থানার উপ-পরিদর্শক(এসআই) আলমগীর হোসেন জানান, আসামি ধলু হোসেন নিজ বাড়িতে অবস্থান করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে পুলিশ ওই বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে। ধলুর বিরুদ্ধে চট্রগ্রামের পতেঙ্গা থানা, চকরিয়া, কক্সবাজার সদর ও উখিয়া-টেকনাফ থানায় মানব পাচার, বিশেষ ক্ষমতা আইন ও নারী নির্যাতনসহ ২০টি মামলা রয়েছে।
অভিযোগ রয়েছে অবৈধ অস্ত্রধারী ধলু ডাকাতি, ছিনটাই ও অপহরণের সাথে জড়িত।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আতাউর রহমান খন্দকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘অবশেষে শীর্ষ দালাল ধলু হোসেনকে আটক করতে সক্ষম হয়েছি। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। মানব পাচারকারী ও ইয়াবা ব্যবসায়ীদের আটকে অভিযান অব্যাহত রয়েছে।