বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপির সমাবেশে বাধা দিলে আওয়ামী লীগও দেশের কোথাও নির্বিঘ্নে সমাবেশ করতে পারবে না। জনগণের সম্মিলিত শক্তিতে তা প্রতিহত করা হবে। রবিবার সকালে দলের নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফের বক্তব্যের প্রতিক্রিয়া জানাতে এই সংবাদ সম্মেলন জানানো হয়।
শনিবার সন্ধ্যায় আওয়ামী লীগ সভানেত্রী রাজনৈতিক কার্যালয়ে দলের যৌথসভাশেষ সাংবাদিকদের হানিফ বলেছিলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তির জন্য ক্ষমা না চাইলে গাজীপুরের মতো আগামীতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশের কোথাও সমাবেশ করতে পারবেন না।’
রিজভী বলেন, শনিবার সন্ধ্যায় লালমাটিয়ার নিজবাসা থেকে যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন আলালকে গ্রেফতার করা হয়েছে। সরকার নাকি কোনো কিছুতেই ভয় করছে না, খুব স্বস্তিতে আছে বলে দম্ভোক্তি করছে। অথচ দেশব্যাপী এই গ্রেফতার অভিযান কেন? এসময় তিনি আলালসহ দেশের বিভিন্ন স্থানে গ্রেফতাকৃত নেতা-কর্মীদের মুক্তির দাবি জানান।
