তারেকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৪, ১৫:২৪
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তি করায় মানহানির আরও এক মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত।
রবিবার সকালে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ঢাকা জেলা ছাত্রলীগের সহ-সাধারণ সম্পাদক আব্দুল আজিজ মামলাটি করেছেন। ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাসুদ পারভেজ এই পরোয়ানা জারি করেন।
আগামী ৫ ফেব্রুয়ারি গ্রেফতারি পরোয়ানা তামিল সংক্রান্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করা হয়েছে। শুনানিতে ফৌজদারি কার্যবিধির ২০০ ধারায় বাদীর জবানবন্দি গ্রহণ করা হয়।
এর আগে একই অভিযোগে ঢাকাসহ সারাদেশে এ পর্যন্ত ৪৪টি মামলা দায়ের করা হয়েছে। এগুলোর অধিকাংশই আমলে নিয়ে তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা বা সমন জারি করেছেন আদালত।
মামলার অভিযোগে বলা হয়েছে, গত ১৫ ডিসেম্বর ইস্ট লন্ডনের দ্য অট্রিয়াম অডিটোরিয়ামে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত বিজয় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বঙ্গবন্ধুকে ‘রাজাকার’, ‘খুনি’, পাকবন্ধু’ ও ‘শখের বন্দি’ হিসেবে আখ্যায়িত করেছেন তারেক রহমান।