সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বেপরোয়া চালকের মতো বেপরোয়া রাজনীতিও খুবই ভয়ঙ্কর। বেপরোয়া রাজনীতি আবার সংঘাতের পথ দেখাচ্ছে। রাজনীতির নামে বোমা মারা, মানুষ হত্যা কোনো ভাবেই সহ্য করা হবে না। সরকার বসে থাকবে না।
শনিবার রাজধানীতে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশে (আইডিইবি) ২ দিনব্যাপী প্রতিনিধি সম্মেলন এবং মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এর আগে মন্ত্রী প্রতিনিধি সম্মেলনের উদ্বোধন করেন।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী বলেন, সব ব্যাপারে চালককে ঘাতক বলা চলে না। কারণ, অনেক পথচারীরও ধৈর্য নেই। তারা মোবাইলে কথা বলতে বলতে পথ চলেন। একইভাবে ভিআইপিদের কারণে যানজট দূর করা যাচ্ছে না। যানজটের উপস্বর্গ আমরা ভিআইপিরাই তৈরি করি। অনেক ভিআইপি রং সাইড দিয়ে চলেন। তিনি বলেন, দুর্ঘটনা রোধ করতে পারছি না। তবে এর বিরুদ্ধে আমি আপোষহীন সংগ্রাম ঘোষণা করেছি।
ওবায়দুল কাদের বলেন, মেট্রো রেলের টেন্ডার আর কয়েক দিন পরই হবে। পূর্বাচল থেকে নারায়ণগঞ্জসহ আরো কয়েকটি এলাকায় মেট্রো রেলের প্রস্তাব রয়েছে। এ ছাড়া, দক্ষিণাঞ্চলের সব রাস্তা পর্যায়ক্রমে ফোর লেন করা হবে।
আইডিইবির নির্বাহী কমিটির সভাপতি এ কে এম এ হামিদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কমিটির সাধারণ সম্পাদক শামসুর রহমান। লিখিত বক্তব্যে তিনি বলেন, সরকার যেখানে সরকারি ও বেসরকারি পর্যায়ে শত শত পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপনের মাধ্যমে মধ্যম স্তরের দক্ষ জনশক্তির হার বৃদ্ধির উদ্যেগ গ্রহন করেছে, সেখানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য নির্ধারিত পদে বিসিএস পরীক্ষার মাধ্যমে ডিগ্রি ইঞ্জিনিয়ার নিয়োগ দেয়ার উদ্যোগ আত্মঘাতের শামিল হবে। তিনি বলেন, এ প্রক্রিয়া ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ও পলিটেকনিক শিক্ষা ব্যবস্থার উপর মারাত্নক প্রতিক্রিয়া সৃষ্টি হবে। এ ধরনের নিয়োগ প্রক্রিয়া বন্ধ করার জন্য আমরা কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।
