রাজধানীর শাহজাহানপুরে পাইপের মধ্যে পড়ে শিশু জিহাদের মৃত্যুর ঘটনায় উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি গঠনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন দায়ের করা হয়েছে। একই সঙ্গে এই ঘটনায় জিহাদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ প্রদানেরও নির্দেশনা চাওয়া হয়েছে।
আজ রবিবার বিকালে সুপ্রিম কোর্টের এক আইনজীবী হাইকোর্টে রিট আবেদনটি দায়ের করেন। একই সঙ্গে পাইপের মধ্যে আটকে থাকার পরও জিহাদের বাবাকে ১২ ঘণ্টা পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হয়েছে; এজন্য দায়ী পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার প্রয়োজনীয় নির্দেশনা চাওয়া হয়েছে।
জিহাদের মৃত্যুর ঘটনায় আজ সংবাদপত্রে প্রকাশিত একাধিক প্রতিবেদনের ভিত্তিতে রিট দায়ের করেন অ্যাডভোকেট দৈয়দ মাইনুল হক। রিট আবেদনকারীর আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ইত্তেফাককে বলেন, একটি শিশু পাইপের মধ্যে আটকে মারা যাওয়ার পরও সরকারি বিভিন্ন সংস্থার (ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স, ওয়াসা) কর্তা ব্যক্তিরা বলে আসছিলেন এখানে কোনো মানব দেহের অস্তিত্ব পাওয়া যায়নি। কিন্তু কয়েকজন সেচ্ছাসেবী উদ্ধার অভিযান স্থগিত ঘোষণার কয়েক মিনিট পরেই শিশু জিহাদের লাশ উদ্ধার করে। আমরা এই ঘটনার তদন্ত চাই।
