হরতালে রাজধানী ও আশপাশের জেলায় গাড়ি চলবে

আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৪, ১৮:৪৯
 
 
হরতাল মানবে না পরিবহন মালিক ও শ্রমিকরা। সোমবার ২০ দলীয় জোটের ডাকা হরতালের মধ্যে ঢাকা ও আশপাশের এলাকায় গাড়ি চালানোর ঘোষণা দিয়েছে ঢাকা সড়ক পরিবহন সমিতি। পাশাপাশি গাড়ি চলাচল কেউ যাতে বাধাগ্রস্ত না করতে সেজন্য শহরের গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা জোরদার করার জন্য পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ জানানো হয়েছে।
 
রবিবার সায়েদাবাদ, মহাখালী, ফুলবাড়িয়া বাস টার্মিনালের মালিক- শ্রমিক নেতৃবৃন্দসহ ঢাকাস্থ সকল পরিবহন কোম্পানি এবং রুট মালিক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ঢাকা সড়ক পরিবহন সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েরত উল্যাহ।
সভা শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানা হয়, সভায় নেতৃবৃন্দ বলেছেন, তথাকথিত ২০ দলের ডাকা এমন একটি ইস্যূ বিহীন হরতাল কোনো ভাবেই মানা যায় না। হরতালের নামে আবার আগের মতো সন্ত্রাস করতে গেলে এবার শুধু সরকার নয়, দেশের সাধারণ মানুষের সাথে সড়ক পরিবহন সেক্টরের মালিক শ্রমিকরাও এর সমুচিত জবাব দেবে।  জনবিরোধী এ ধরনের হরতালে মালিক- শ্রমিকদের সমর্থন কখনও ছিল না- এখনও নেই।
অপর দিকে বাংলাদেশ ট্রাক -কাভার্ডভ্যান মালিক মালিক সমিতির সাধারন সম্পাদক রোস্তম আলী খান জানিয়েছেন, তারাও হরতালের সময় গাড়ি চালাবেন। তারা কোন ভাবেই ঐ অযৌক্তিক হরতাল মানবেন না।