জিহাদের বাবাকে নির্যাতন করা হয়নি: আইজিপি

আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৪, ১৯:১২
 
 
পুলিশ মহা-পরির্দশক ( আইজিপি) হাসান মাহমুদ খন্দকার বলেছেন, রাজধানীর শাহজাহানপুরে গভীর নলকুপের পাইপের ভেতরে পড়ে প্রাণ হারানো শিশু জিহাদের বাবা নাসির ফকিরকে থানায় নিয়ে কোনো ধরনের নির্যাতন করা হয়নি। সত্ উদ্দ্যেশে আন্তরিকভাবে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
 
রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এ সময় তার পাশে ছিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জান খাঁন কামাল।
 
গত শুক্রবার শাহজাহানপুরে রেল কলোনিতে একটি পরিত্যক্ত গভীর নলকূপের কয়েকশ ফুট গভীর পাইপে পড়ে যায় চার বছরের শিশু জিহাদ। ঘটনার দশ ঘন্টা পর নলকুপের পাইপে ক্যামেরা নামিয়ে অনুসন্ধান করে ফায়ার সার্ভিস জিহাদের অস্তিত্ব না পাওয়ার কথা জানায়। ঐ সময় ঘটনাস্থলে উপস্থিত স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীও পাইপে শিশুটির থাকা নিয়ে সন্দেহ প্রকাশ করেন। তারা ঘটনাস্থল ত্যাগ করার পর রাত তিনটার দিকে পুলিশ জিহাদের বাবা নাসির ও দুই প্রত্যক্ষদর্শীকে শাহজাহাপুর থানায় নিয়ে যায়।