আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ১৪ দলের সমন্বয়ক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি-জামায়াত ও জঙ্গিচক্র গণতন্ত্র হত্যার এজেন্ডা নিয়ে আবার মাঠে নেমেছে। পাঁচ জানুয়ারির নির্বাচনকে সামনে রেখে সাংবিধানিক ধারাবাহিকতা নস্যাতের জন্য তারা প্রায় তিন মাস যাবত দেশে জ্বালাও-পোড়াও ও মানুষ হত্যায় লিপ্ত হয়েছিল। কিন্তু ১৪ দলের প্রতিরোধের মুখে এই চক্র পরাজিত হয়ে এতদিন লেজ গুটিয়ে বসে ছিল। এখন নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে। তাদের যে কোন মূল্যে প্রতিহত করা হবে।
রবিবার সন্ধ্যায় কেন্দ্রীয় ১৪ দলের জরুরি বৈঠক শেষে প্রেস ব্রিফিং-এ তিনি এ সব কথা বলেন। আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
মোহাম্মদ নাসিম বলেন, দেশের মানুষ শান্তির পক্ষে। কিন্তু বিএনপি-জামায়াত দেশে অরাজকতা ও নৈরাজ্য সৃষ্টি করতে চায়। এ জন্য তারা আজ সোমবার সারা দেশে হরতাল দিয়েছে। জনগণ এ হরতাল প্রত্যাখানের মাধ্যমে গণতন্ত্র সংহত করবে।
তিনি বলেন, যারা বঙ্গবন্ধুকে নিয়ে কটুক্তি করে বক্তব্য দেয়, তাদের কোনোভাবেই ছাড় দেয়া হবে না। তিনি বলেন, যারা গণতন্ত্র হত্যা করতে চায়, তাদের মোকাবেলা করতে মাঠে নেমেছি। রাজনৈতিকভাবেই তাদের মোকাবিলা করা হবে।
তিনি আরো বলেন, আগামী পাঁচ জানুয়ারি সারাদেশে গণতন্ত্রের বিজয় দিবস হিসাবে পালন করা হবে। পরদিন ৬ জানুয়ারি বিকাল তিনটায় কেন্দ্রীয় শহীদ মিনারে ১৪ দলের উদ্যোগে অনুষ্ঠিত হবে বিজয় সমাবেশ। ১৫ জানুয়ারি থেকে সপ্তাহব্যাপি চট্টগ্রাম, কক্সবাজার, রাজশাহি, রংপুর, গাইবান্ধা ও মানিকগঞ্জে জেলা ও উপজেলায় ১৪ দল সমাবেশ করবে। রবিবার অনুষ্ঠিত ১৪ দলের সভায় এ কর্মসূচি গ্রহণ করা হয়। সভায় শেখ হাসিনার নেতৃত্বে একটি অসাম্প্রদায়িক, শোষণমুক্ত বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন ১৪ দলের নেতৃবৃন্দ।
