ডিএসইর লেনদেন দেড় শ কোটি টাকায়

আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৪, ২১:১১
 
 
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) স্বয়ংক্রিয় লেনদেন চালু করার পর লেনদেনের পরিমাণ কমে যায়। এরপর ধীরে ধীরে বাড়তে থাকলেও গত চার কর্মদিবস ধরে ফের কমতে শুরু করেছে লেনদেন। রবিবার ডিএসইর লেনদেন দেড় শ কোটি টাকায় নেমে এসেছে। যা আগের কার্যদিবসের তুলনায় প্রায় সাড়ে ১৮ শতাংশ কম। এদিকে বাজারে শেয়ার দরে নিম্নমুখী প্রবণতা থাকলেও লাফার্জ সুরমা সিমেন্টের শেয়ারদর বেড়েছে প্রায় দেড় শতাংশ। এ ছাড়া, মবিল যমুনা এবং স্কয়ারফার্মারও দাম বেড়েছে। দাম বাড়ার শীর্ষ দশ কোম্পানির মধ্যে চারটিই ছিল মিউচুয়াল ফান্ড।
তথ্যে দেখা গেছে, ডিএসইর ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ২২ পয়েন্ট কমে ৪ হাজার ৮০১ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএস-৩০ সূচক ৭ পয়েন্ট কমে ১ হাজার ৭৭৯ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ১৫৬ কোটি ৭৪ লাখ টাকা। যা আগের দিনের চেয়ে ৩৫ কোটি ১ লাখ টাকা কম। লেনদেনকৃত ৩০৫টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৫৯টির, কমেছে ২১৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টি কোম্পানির শেয়ারের। অপর দিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক আগের দিনের চেয়ে ৯৯ পয়েন্ট কমে ১৪ হাজার ৭৪১ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ১২ কোটি ৬৪ লাখ টাকা। যা আগের দিনের চেয়ে ৭৩ কোটি ৫৫ লাখ টাকা কম। লেনদেনকৃত ২৩৮টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ৪২টির কমেছে ১৬৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টি কোম্পানির শেয়ারের।
ডিএসই সূত্রে জানা গেছে, জমি ও ভবন পুনর্মূল্যায়ন অনুমোদন করেছে সিটি ব্যাংকের পরিচালনা পর্ষদ। পুনর্মূল্যায়নের পর জমির মূল্য বেড়েছে ৭ কোটি ৭৮ লাখ ৯০ হাজার টাকা। পুনর্মূল্যায়নের আগে জমির মূল্য ছিল ৩৪ কোটি ৫৩ লাখ ৫০ হাজার টাকা। পরে জমির দাম দাঁড়িয়েছে ৪২ কোটি ৩২ লাখ ৪০ হাজার টাকা। পুনর্মূল্যায়নের পর ভবনের দাম বেড়েছে ২ কোটি ৪০ লাখ ৭০ হাজার টাকা। পুনর্মূল্যায়নের আগে ভবনের দাম ছিল ১৮ কোটি ১৫ লাখ ৮০ হাজার টাকা ও পরে ২০টি ভবনের দাম দাঁড়িয়েছে ২০ কোটি ৫৬ লাখ ৫০ হাজার টাকা।