‘জাপার ২০০ জনসভা বানচাল, ১৮৮টিতে ১৪৪ ধারা দিয়েছিল বিএনপি’

আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৪, ২১:৫০
 
 
 
জাতীয় পার্টি (জাপা) মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেছেন, ’৯১ সালে ক্ষমতায় গিয়ে বিএনপি তখন জাপার ১৮৮টি জনসভার ওপর ১৪৪ ধারা জারি করেছিল। হামলা চালিয়ে দুই শতাধিক সমাবেশ বানচাল করে দিয়েছিল। এ দেশে অন্যের অধিকার কেড়ে নেয়ার ও প্রতিহিংসার রাজনীতির সূত্রপাত করেছিল বিএনপি। অন্যের অধিকার কেড়ে নেয়ার জ্বালা কী, সেটি এখন বিএনপি হাড়ে-হাড়ে টের পাচ্ছে। সামনে আরো কঠিন পরিণতি অপেক্ষা করছে তাদের জন্য। ১ জানুয়ারির মহাসমাবেশকে সামনে রেখে রবিবার রাজধানীর যাত্রাবাড়িতে নূর কমিউনিটি সেন্টারে জাতীয় রিকশা-ভ্যান চালক মালিকদের সাথে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জিয়াউদ্দিন বাবলু বলেন, বিএনপিই এ দেশে গণতন্ত্র নস্যাত করেছিল। ক্ষমতায় থাকতে তারা দিনের পর দিন জাপা নেতাদের বিনা বিচারে আটক রেখেছিল। এখন তো তাদের সঙ্গে অন্তত সেই আচরণ করা হচ্ছে না। তিনি বলেন, ৫ জানুয়ারির নির্বাচনে অংশ না নিয়ে বিএনপি জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। এখন আন্দোলনের হুমকি দিয়ে লাভ হবে না। জনগণ তাদের সঙ্গে নেই।
মমতাজ উদ্দিন মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময়ে ঢাকা মহানগর (দক্ষিণ) জাপার আহ্বায়ক সৈয়দ আবু হোসেন বাবলা এমপি বলেন, ’৯০ সালে জাপা ক্ষমতা ছেড়ে দেয়ার পর বিএনপি ও আওয়ামী লীগ দুই দলই আমাদের প্রতি অবিচার করেছে। বিশেষ করে ’৯১-’৯৬-এর বিএনপি সরকার আমাদের ওপর সীমাহীন নিপীড়ন চালায়। এখন ওই দুটি দলই একে অপরকে নির্যাতন করছে—এটা সৃষ্টিকর্তার বিচার।