তথ্য অধিকার আইনের ব্যাপক প্রয়োগ করতে হবে : তথ্যমন্ত্রী

আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৪, ২৩:৪৮

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, সরকার তথ্য ধামাচাপা দেয়ার দেয়াল ভেঙে দিতে তথ্য অধিকার (আরটিআই) আইন প্রণয়ন করেছে। এ আইনের ব্যাপক প্রয়োগ ঘটাতে হবে। তৃণমূল পর্যায়েও এ আইন বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলকে উত্সাহ যোগাতে হবে। তথ্য গোপন ও বিকৃতি করার চিরাচরিত ধারা ভাঙ্গতে হবে।

গতকাল রবিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘তথ্য অধিকার আইন:বাংলাদেশের সুশীল সমাজ সংক্রান্ত সংগঠনসমূহের অনুধাবন ও চর্চা’ শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বাংলাদেশ শ্রমকল্যাণ ফাউন্ডেশনের সহযোগিতায় ক্যাপাসিটি বিল্ডিং সার্ভিস গ্রুপ (সিবিএসজি) এ কর্মশালার আয়োজন করে।
তথ্যমন্ত্রী বলেন, বিদেশি ও স্বৈরশাসকরা তথ্য গোপনের যে দুস্কর্ম যুগ-যুগ ধরে গড়ে তুলেছে, তা ভাঙতেই তথ্য অধিকার আইনের যথাযথ প্রয়োগ ঘটাতে হবে। এর মধ্যদিয়েই স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের পাশাপাশি সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠিত হবে।

সিবিএসজি’র মহাসচিব জিএম কামরুল আনামের সভাপতিত্বে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন সিবিএসজি’র প্রধান নির্বাহী ওবায়দুর রহমান, স্টাডি টিম লিডার জয়ন্ত রায়। কর্মশালায় বিভিন্ন সেশনে অধ্যাপক সাদেকা হালিম, বাংলাদেশ শ্রমকল্যাণ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আশরাফ উদ্দীন এবং অধ্যাপক রহমত উল্লাহ বক্তব্য রাখেন।