বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেছেন, সরকারবিরোধী আন্দোলনে ৩০০ জনকে হত্যা ও ৬৫ জনকে গুম কারা হয়েছে। এ সব হত্যা-গুমের জবাব আওয়ামী লীগ সরকারকে দিতে হবে। জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে গতকাল রবিবার এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচনের পূর্বে এবং পরবর্তী সময়ে গুম-খুন অত্যাচারের প্রতিবাদে সিঙ্গাপুর বিএনপি এ আলোচনা সভার আয়োজন করে। এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর গুম-খুনের শিকার এমন ২৪ পরিবারকে ৫০ হাজার টাকা করে আর্থিক অনুদানের চেক তুলে দেন। আয়োজক সংগঠনের সভাপতি আব্দুল কাদেরের সভাপতিত্বে বক্তব্য রাখেন দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ।
মির্জা ফখরুল বলেন, নারায়ণগঞ্জের খুনের ঘটনায় প্রমাণিত হয়েছে এর সঙ্গে কারা জড়িত। আওয়ামী লীগ সরকার ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে রাষ্ট্রযন্ত্র ও প্রশাসনকে ব্যবহার করছে। অবৈধ সরকার র্যাব ও ডিবি পুলিশ দিয়ে অনেককে তুলে নিয়ে গেছে।
তিনি বলেন, সরকারের পতন ঘটিয়ে যারা গুম-খুনের সঙ্গে জড়িত তাদের খুঁজে বের করব এবং বিচারের মুখোমুখি করব।
ফখরুল বলেন, সরকার জনগণের ওপর দানবের মতো বসে আছে। কিন্তু তারা ভুলে গেছে জনগণই সকল ক্ষমতার উত্স।
সরকার সব জায়গায় ব্যর্থ মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, রাজধানীর শাহজাহানপুরে পাইপের ভেতরে সরকার মানুষ খুঁজে পায় না, খুঁজে পায় টিকটিকি। তিনি বলেন, আমরা কোনো গণতান্ত্রিক দেশে বাস করছি যেখানে প্রতিনিয়ত গুম-খুন হচ্ছে। এটা কোনো সভ্য দেশ হতে পারে না। এই গুম-খুন হওয়ার জন্যই কী মানুষ জীবন দিয়ে দেশ স্বাধীন করেছিল?
