সোমবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি নেতৃত্বাধীন জোট। গাজীপুরে খালেদা জিয়ার সমাবেশ করতে না দেয়া এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়সহ দলের আটককৃত নেতৃবৃন্দের মুক্তির দাবিতে এই হরতাল ডাকা হয়েছে। তবে সাংবাদিক, অ্যাম্বুলেন্স, ওষুধের দোকান, ফায়ার সার্ভিসের গাড়িসহ জরুরি সেবা প্রদানকারী সংস্থার যানবাহন হরতালের আওতামুক্ত থাকবে।
এদিকে হরতালের দিন আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার জন্য ঢাকা মহানগরীতে বিজিবি, র্যাব ও পুলিশ মোতায়েন থাকবে।
বিএনপির পক্ষ থেকে আজকের হরতাল সফল করার আহ্বান জানিয়ে দলের যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ গতকাল এক সাংবাদিক সম্মেলনে বলেছেন, হরতালকে সামনে রেখে সরকার বিরোধী দলের নেতা-কর্মীদের ধরপাকড় করছে। এতে কোন কাজ হবে না। আজকের হরতালের মাধ্যমে জনগণ সরকারের বিরুদ্ধে অনাস্থা জানাবে।
