কই মাছের প্রাণ বাগধারার অর্থ যে সহজে মরে না। কৈ মাছ দীর্ঘ সময় বেঁচে থাকতে পারে একারণে এই বাগধারার কৃতিত্ব একান্তই তার। কিন্তু যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি কুকুর বোধহয় কৈ মাছের নিকট থেকে বাগধারাটির মালিকানা কেড়ে নিতে চলেছে!
কি করেছে কুকুরটি তা খুলে বলা যাক। সম্প্রতি সে কিভাবে জানি একটি ১৫ তলা ভবনের ছাদে উঠে যায়। ছাদের উপর হাটাহাটি করতে করতে একসময় সে একেবারে ছাদের কিনারায় চলে আসে। হঠাত্ করেই সে ছাদ থেকে পড়ে যায়। লোকজন দাঁড়িয়ে অবাক হয়ে দেখে নিচে পড়ার পরেও সে দিব্যি হেটে বেড়াচ্ছে! তবে সামান্য একটু সময় খুঁড়িয়ে খুঁড়িয়ে হাটছিল। এরপরই লোকজনের ভীড় দেখে দৌঁড়ে পালিয়ে গেল। -এপি
