মেলবোর্ন টেস্ট শুরুর আগেই নিশ্চিতভাবে চাউর হয়েছিলো ভারত-অস্ট্রেলিয়ার মধ্যকার তৃতীয় টেস্ট গ্যালারিতে বসেই দেখবেন বলিউড তারকা আনুশকা শর্মা। ম্যাচ দেখার চেয়ে, ভারতীয় ব্যাটসম্যান ও প্রেমিক বিরাট কোহলির ব্যাটিংটা উপভোগ করতেই মেলবোর্নে হাজির হন আনুশকা। গ্যালারিতে প্রেমিকার উপস্থিতে এতটাই উৎসাহিত কোহলি, যে ব্যাট হাতে গর্জে উঠলেন। করলেন সেঞ্চুরি, আর ব্যাটে চুমু দিয়ে তা ভাসিয়ে দিলেন আনুশকার উদ্দেশ্যে। এক কথায় বলতে গেলে আনুশকাকেই মেলবোর্নের সেঞ্চুরিটি উপহার দিলেন কোহলি।
গত ইংল্যান্ড সিরিজ শেষে কোহলি-আনুশকাকে নিয়ে জল ঘোলা হয়েছে অনেক বেশি। সিরিজ চলাকালীন টিম হোটেলে কোহলির সাথে অনেক সময় পার করেছেন আনুশকা। আর প্রেমিকার প্রতি মনোযোগ দিতে গিয়েই নাকি নিজের ব্যাটিংটাই ভুলে গিয়েছিলেন কোহলি। সিরিজে তার পারফরমেন্সের চিত্রও তেমনটাই বলছিলো।
তবে অস্ট্রেলিয়াতে আনুশকার আগমনে অতীতের দুঃস্মৃতি জেগে উঠার ইঙ্গিতই দিচ্ছিলো। সেটি আরও বড় আকার ধারন করেছিলো মেলবোর্ন টেস্টের প্রথম দিন শেষে গভীর রাতে দীর্ঘক্ষণ আনুশকা-কোহলির বাইরে ঘুড়ে বেড়ানোতে।
তবে অতীত ও বর্তমানের সকল শংকাকে ছুঁড়ে রফলে মেলবোর্ন টেস্টের তৃতীয় দিনেই ঝলমলে এক সেঞ্চুরি করলেন কোহলি। আর ঐ সময় তার প্রেমিকা আনুশকা ছিলেন গ্যালারিতেই। সেঞ্চুরি করার আনন্দটা স্বাভাবিকভাবে উদযাপন করার পাশাপাশি, চোখে পড়ার মত ঘটনাও ঘটিয়েছেন কোহলি।
সেঞ্চুরি করে ব্যাটে চুমু দিয়ে কোহলি ভাসিয়ে দেন গ্যালারিতে বসে খেলা দেখা আনুশকার উদ্দেশ্যে। আর ঐ সময় হাততালি দিতে দিতে হাস্যজ্জল অবস্থায় কোহলিকে অভিনন্দনও দিয়েছেন আনুশকা। আর এটি বেশ কয়েকবার রিপ্লেও করেছেন ম্যাচ কভার করা টিভি ক্যামেরাপার্সনরা।
ভারতের প্রথম ইনিংসে চার নম্বরে ব্যাটিং-এ নেমে শেষ পর্যন্ত ২৭২ বলে ১৬৯ রান করেন কোহলি। তার ইনিংসে ১৮টি বাউন্ডারির মার ছিল। এডিলেডে সিরিজের প্রথম টেস্টের দুই ইনিংসেও সেঞ্চুরি করেছিলেন ভারতের ভবিষ্যত তারকা কোহলি।
সূত্র-বাসস।
