এয়ার এশিয়ার বিমানটি বিধ্বস্ত হওয়ার আশঙ্কা

আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৪, ১৪:৩৪
 
১৬২ জন আরোহী নিয়ে নিখোঁজ এয়ার এশিয়ার বিমানটি ইন্দোনেশিয়ার উপকূলে বিধ্বস্ত হয়ে থাকতে পারে বলে আশঙ্কা করছে দেশটির কর্তৃপক্ষ। সোমবার দ্বিতীয় দিনের মতো উদ্ধার কাজ শুরু হওয়ার পর এই আশঙ্কা প্রকাশ করা হলো। 
ফ্লাইট কিউজেড ৮৫০১ নিখোঁজ হওয়ার আগে খারাপ আবহাওয়ার কারণে নির্ধারিত উচ্চতার চেয়ে আরো ওপরে ওড়ার অনুমতি চেয়েছিল। অনুমতি চাওয়ার পাঁচ মিনিট পরই বিমানটি হারিয়ে যায়। তখন বিমানটির অবস্থান ছিল জাভা সাগরের উপরে। 
জাকার্তায় এক সংবাদ সম্মেলনে ইন্দোনেশিয়ার সার্চ অ্যান্ড রেসকিউ এজেন্সির প্রধান বাংবাং সোলিস্টিও বলেছেন, ‘আমাদের হাতে থাকা কো-অর্ডিনেটস থেকে ধারণা করা হচ্ছে জাভা সাগরের উপর বিমানটি বিধ্বস্ত হতে পারে। এরকম হলে সেটি সাগরের তলদেশে চলে যাওয়ার কথা।’
এদিকে দীর্ঘ সময় পেরিয়ে যাওয়ার পরও উড়োজাহাজটির কোনো খোঁজ না মেলায় আরোহীদের স্বজনদের মধ্যে নেমে এসেছে হতাশা। 
স্থানীয় সময় রবিবার ইন্দোনেশিয়ার সুরাবায়ার থেকে সিঙ্গাপুরে যাওয়ার পথে জাভা সাগরের উপর থেকে বিমানটি নিখোঁজ হয়।