খালেদা জিয়া নাশকতার রাজনীতি করছেন: ইনু

আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৪, ১৬:৫৩
 
জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) কেন্দ্রীয় কমিটির সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, খালেদা জিয়া ৫ জানুয়ারির নির্বাচনে অংশ না নিয়ে নাশকতার রাজনীতি করছেন। তাই তিনি গণতন্ত্রের রাজনীতিতে ফিরে আসার পথ পাচ্ছেন না। খালেদা জিয়া ও তার ছেলে যতই মিথ্যাচার করুক, বাংলার মানুষ কখনই তা বিশ্বাস করবে না। সোমবার দুপুরে গাইবান্ধা শহরের পৌর পার্কের শহীদ মিনার চত্বরে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) গাইবান্ধা জেলা শাখার সম্মেলনে তিনি এসব কথা বলেন।
হাসানুল হক ইনু বলেন, বাংলাদেশে আর কখনো জঙ্গি ও রাজাকারদের সরকার হতে দেয়া হবে না। খালেদার একটাই এজেন্ডা যেভাবেই হোক ক্ষমতায় যাওয়া। কিন্তু জঙ্গি ও রাজাকার না ছাড়লে তিনি ক্ষমতায় আসতে পারবেন না।
তিনি বলেন, খালেদা জিয়া হরতালের নামে নাশকতা এবং ধর্মের নামে রাজনীতি করার অপচেষ্টার মাধ্যমে মতা দখলের চক্রান্ত করছেন। কিন্তু দেশের মুক্তিযোদ্ধা জনতা ঐক্যবদ্ধভাবে এই ষড়যন্ত্র ও চক্রান্ত প্রতিহত করে গণতন্ত্রের ধারাকে সমুন্নত রাখবে। 
জেলা জাসদের ভারপ্রাপ্ত সভাপতি সেলিকুজ্জামান চৌধুরী রুবেলের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য রাখেন, প্রবীণ জাসদ নেতা মুক্তিযোদ্ধা ধীরেন্দ্রনাথ সাহা, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি রেজাউল করিম তানসেন এম পি, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক নাজমুল হক প্রধান এম পি, জাসদ কেন্দ্রীয় কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক এস এম খাদেমুল ইসলাম খুদি, কেন্দ্রীয় কমিটির সদস্য ডা: একরাম হোসেন প্রমুখ।