দুঃখ দেয়ায় ক্ষমা চাইল ফেসবুক

আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৪, ২২:০২
 
ফেসবুকের ইয়ার রিভিউ ফিচারটির কারণে সুখের স্মৃতির সাথে কারো যদি দুঃখের স্মৃতিও জেগে ওঠে তার জন্য ক্ষমা চেয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। সম্প্রতি যুক্তরাষ্ট্রের এক ব্যক্তির ইয়ার রিভিউ কোলাজে ক্যান্সারে মারা যাওয়া মেয়ের ছবি চলে আসে। ব্যক্তিটির ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় ফেসবুক কর্তৃপক্ষ তার কাছে ক্ষমা চেয়েছে।
ফেসবুকে সারা বছরব্যাপী শেয়ার করা ছবিগুলো থেকে অ্যালগরিদমের সাহায্যে স্বয়ংক্রিয়ভাবে বেছে নিয়ে একটি টাইমলাইনের মত কোলাজ অ্যালবাম তৈরি করে দিচ্ছে। আর এই অ্যালবামেই ভাল লাগা মুহূর্তের সাথে সাথে উঠে আসছে কষ্টের মুহূর্তের ছবিও।
ফেসবুক অ্যাপের পণ্য ব্যবস্থাপক জনাথন ঘেলার ওয়াশিংটন পোস্টকে দেয়া এক সাক্ষাতকারে বলেন, 'ফেসবুকের ইয়ার রিভিউ ফিচারটি অনেক মানুষকে আনন্দ দিয়েছে। আবার এর কারণে যদি কারো কষ্টের স্মৃতি ভেসে ওঠে তার জন্য আমরা ক্ষমা চাইছি।'