গুগলের ইমেইল সেবা জিমেইল বন্ধ করে দেয়া হয়েছে চীনে। দেশটির সরকার ইন্টারনেটের ওপর নজরদারি বাড়াতে এই পদক্ষেপ নিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
গত শুক্রবার থেকে জিমেইল ব্যবহারে সমস্যার সম্মুখীন হচ্ছিলেন চীনের ইন্টারনেট ব্যবহারকারীরা। আর সোমবার চীনের কোথাও থেকে জিমেইলে ঢুকতে পারছেন না ব্যবহারকারীরা। ইন্টারনেট সেন্সরশিপ বিরোধী আন্দোলন কর্মীরা দাবি করেছেন নজরদারি বাড়াতে চীনের তৈরি গ্রেট ফায়ারওয়ালই এর জন্য দায়ী। এই কয়েকদিন মাইক্রোসফটের আউটলু ও ইয়াহুর সাহায্যে ইনবক্সে আসা মেইলগুলো পড়া গেলেও সোমবার থেকে তাও করা যাচ্ছে না। এখন চীনে জিমেইল ব্যবহারের একমাত্র উপায় ভিপিএন এর সাহায্যে জিমেইলে ঢোকা।
গুগল কর্তৃপক্ষ জানিয়েছে, তারা চীনে জিমেইল ব্যবহারে বাধা দেয়ার প্রমাণ পেয়েছেন। চলতি বছরের জুন মাস থেকেই গুগলের সব সেবার ওপর নজরদারি শুরু করে চীন সরকার। তারপরও এতদিন গুগলের অন্যান্য সেবার সাথে জিমেইলও ব্যবহার করা যাচ্ছিল। সূত্র: টেকক্রাঞ্চ
