দামুড়হুদায় হেরোইনসহ যুবক আটক, জড়িত সন্দেহে এসআই ক্লোজড

আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৪, ০০:১৬

চুয়াডাঙ্গার দামুড়হুদা থানা পুলিশ এক কেজি ৭০০ গ্রাম হেরোইনসহ মিশন (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে। মিশনের সহযোগি হিসেবে পুলিশের এসআই তোবারক হোসেনকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে। রোববার দুপুর থেকে রাত পর্যন্ত এসব ঘটনা ঘটে।

সহকারি পুলিশ সুপার মো. কামরুজ্জামান জানান, বিশেষ সুত্রে খবর পেয়ে রোববার বেলা সাড়ে ১২ টায় দামুড়হুদা থানা পুলিশকে সাথে নিয়ে স্থানীয় পূর্বাশা পরিবহনের কাউন্টারে অভিযান চালানো হয়। এসময় এক কেজি ৭০০ গ্রাম হেরোইনসহ মিশন নামে এক যুবককে আটক করা হয়। মিশন বগুড়ার শাহজাহানপুর থানার তিতখালি গ্রামের মঞ্জুর রহমানের ছেলে। আটকের সময় সেখানে উপস্থিত আলমডাঙ্গার মুন্সীগঞ্জ ফাঁড়ির এসআই তোবারক হোসেন মিশনকে তাঁর খালাতো ভাই হিসেবে দাবি করে তদবির করেন। ওই সময় তাঁকেও থানায় নেওয়া হয়।
পুলিশের ওই কর্মকর্তা আরো জানান, তাঁদের দুইজনকে থানায় নিয়ে বিস্তারিত খোঁজ খবর নেওয়া হয়। পরে দামুড়হুদা থানার এসআই আফজাল হোসেন বাদী হয়ে মিশনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। এছাড়া সন্দেহভাজন হিসেবে এসআই তোবারককে পুলিশ লাইনে ক্লোজড করা হয়।
এদিকে গ্রেপ্তার মিশনের সাতদিনের রিমান্ড চেয়ে সোমবার চুয়াডাঙ্গা আদালতে সোপর্দ করা হয়। কিন্ত,হরতালের কারণে আদালতের কার্যক্রম না হওয়ায় তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়।

জেলার পুলিশ সুপার মো.  রশীদুল হাসান জানান, হেরোইন পাচারের ঘটনায় যথাযথ আইনী পদক্ষেপ নেওয়া হয়েছে। এসআই তোবারকের বিষয়ে অধিকতর তদন্ত করা হচ্ছে। হেরোইন পাচারের সাথে তাঁর জড়িত থাকার বিষয়টি প্রমাণিত হলে বিভাগীয় মামলাসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।