আগামী বছর মার্চ থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স অভ্যন্তরীণ ৫টি রুটে আবার ফ্লাইট পরিচালনা শুরু করছে। এজন্য দুটি উড়োজাহাজ কেনার প্রক্রিয়া এখন চূড়ান্ত পর্যায়ে। কানাডাভিত্তিক উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোম্বার্ডিয়ারের কাছ থেকে এ দুটি উড়োজাহাজ কেনা হচ্ছে। ড্যাস-৮ কিউ ৪০০ মডেলের টার্বোপ্রপ এই উড়োজাহাজ দুটির প্রতিটির আসন সংখ্যা ৭৪। আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে এই উড়োজাহাজ ঢাকায় পৌঁছবে বলে জানা গেছে।
অভ্যন্তরীণ রুটে চলাচলের উপযোগী ছোট আকারের দুটি উড়োজাহাজ কেনার জন্য বিমান গত দুই বছরে সাত দফা আন্তর্জাতিক আরএফপি (রিকোয়েস্ট ফর প্রপোজাল) আহ্বান করে। ছয়বারই কোন সাড়া মেলেনি। সর্বশেষ আরএফপিতে একাধিক উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান অংশ নেয়। এর মধ্যে কানাডার বোম্বার্ডিয়ার সর্বনিম্ন দরদাতা হিসেবে বিবেচিত হয়েছে। এ সংস্থা প্রতিটি উড়োজাহাজ ১ লাখ ৭০ হাজার মার্কিন ডলারে সরবরাহ করতে সম্মত হয়েছে। এ উড়োজাহাজ সংগ্রহের প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পাদনের কাজ চলছে। আগামী ফেব্রুয়ারি মাসে এই উড়োজাহাজ ঢাকায় পৌঁছানোর পর বিমান ঢাকা-যশোর রুটে দৈনিক ১টি, ঢাকা-কক্সবাজার রুটে দৈনিক ১টি, ঢাকা-সৈয়দপুর-রাজশাহী রুটে দৈনিক ১টি, ঢাকা-বরিশাল রুটে সপ্তাহে দুটি করে ফ্লাইট চালু করবে। এছাড়া নতুন উড়োজাহাজ দিয়ে ঢাকা-সিলেট, ঢাকা-চট্টগ্রাম ছাড়াও ঢাকা-কলকাতা এবং ঢাকা-ইয়াঙ্গুন রুটেও ফ্লাইট পরিচালনা করা হবে বলে বিমানের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানিয়েছেন।
