অষ্টম শ্রেণীর জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা (জেএসসি) ও জুনিয়র দাখিল পরীক্ষা (জেডিসি) এবং প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার ফল আজ মঙ্গলবার প্রকাশিত হবে।
আজ বেলা সাড়ে ১১টায় শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ সচিবালয়ে সংবাদ সম্মেলনে জেএসসি-জেডিসির ফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবেন। পরে সাড়ে ১২টায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান সচিবালয়ে সংবাদ সম্মেলনে প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার ফল প্রকাশ করবেন। আনুষ্ঠানিক ফল প্রকাশের আগে সকালে প্রধানমন্ত্রীর হাতে দুই মন্ত্রী পরীক্ষার ফলাফলের সার-সংক্ষেপ তুলে দেবেন।
দুইটি পরীক্ষায় এবার ৫১ লাখ ৮৪ হাজার ৯৫৭ শিক্ষার্থী অংশ নেয়। জেএসসি ও জেডিসি পরীক্ষায় ২০ লাখ ৯০ হাজার ৬৯২ শিক্ষার্থী এবং প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় ৩০ লাখ ৯৪ হাজার ২৬৫ জন অংশ নিয়েছে। জেএসসি-জেডিসি পরীক্ষা শুরু হয় ৭ নভেম্বর। পরীক্ষা শেষ হয় ২০ নভেম্বর। পঞ্চম শ্রেণীর প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা গত ২৩ নভেম্বর শুরু হয়ে শেষ হয় ৩০ নভেম্বর।
জেএসসি-জেডিসির ফল যেভাবে পাওয়া যাবে
মন্ত্রীর সংবাদ সম্মেলনের পর শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, সংশ্লিষ্ট সকল পরীক্ষা কেন্দ্র/শিক্ষা প্রতিষ্ঠান (সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ই-মেইল/ ওয়েবমেইল) এবং এসএমএসের মাধ্যমে একযোগে প্রকাশ করা হবে। কেন্দ্র সচিবদের কাছ থেকে সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্রের আওতাধীন সকল প্রতিষ্ঠানের প্রধানরা ফল সংগ্রহ করতে পারবেন।
পরীক্ষার ফল নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান হতে সংগ্রহ করার পাশাপাশি পরীক্ষার্থীরা মোবাইলে এসএসএম, শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটের (www.educationboardresults.gov.bd) এবং সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইটের মাধ্যমে ফল সংগ্রহ করতে পারবে। মোবাইল এসএমএসের মাধ্যমেও ফল পেতে যে কোনো মোবাইলের মেসেজ অপশনে গিয়ে JSC/JDC লিখে একটি স্পেস দিয়ে নিজ বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, রোল নম্বর ও পাসের বছর (২০১৪) লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।
প্রাথমিক সমাপনীর ফল
প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনীর ফল www.dpe.gov.bd ও http://dpe.teletalk.com.bd এবং এসএমএসের মাধ্যমে সংগ্রহ করা যাবে। এসএমএসের মাধ্যমে ফল পেতে যে কোনো মোবাইল থেকে ডিপিই, (dpe) উপজেলা কোড, রোল নম্বর এবং পাসের বছর (২০১৪) লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি ম্যাসেজে ফল জানানো হবে।
