জেএসসি-জেডিসি ও প্রাথমিক শিক্ষা সমাপনীর ফল প্রকাশ

আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৪, ১২:৪২



জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) এবং প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার সকাল ৯টায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলের অনুলিপি হস্তান্তর করেন।

এ বছর জেএসসিতে পাশের হার ৮৯.৮৫ শতাংশ এবং জেডিসিতে পাশের হার ৯৩.৫০ শতাংশ।  জেএসসি ও জেডিসিতে মোট জিপিএ-৫ পেয়েছে এক লাখ ৫৬ হাজার ২৩৫ জন শিক্ষার্থী। গড় পাশের হার ৯০.৪১ শতাংশ।

পিএসসিতে পাশের হার ৯৭.৯২ শতাংশ এবং ইবতেদায়ীতে পাশের হার ৯৫.৯৮ শতাংশ। এর মধ্যে প্রাথমিকে জিপিএ-৫ পেয়েছে ২ লাখ ২৪ হাজার ৪১১ জন। আর ইবতেদায়ীতে ৬ হাজার ৫৪১ জন।

এবার প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষা হয় ২৩ থেকে ৩০ নভেম্বর। ৩০ লাখ ৯৪ হাজার ২৬৫ শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পঞ্চম শ্রেণির ২৭ লাখ ৮৮ হাজার ৫৪৪ জন এবং মাদ্রাসার তিন লাখ পাঁচ হাজার ৭২১ জন পরীক্ষার্থী।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় সচিবালয়ে শিক্ষামন্ত্রীর সংবাদ সম্মেলনের পর আনুষ্ঠানিকভাবে জেএসসি-জেডিসি এবং প্রাথমিক শিক্ষা সমাপনী ও ইবতেদায়ী পরীক্ষার ফল প্রকাশ করা হয়।

জেএসসি-জেডিসির ফল:

পরীক্ষার ফল নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান হতে সংগ্রহ করার পাশাপাশি পরীক্ষার্থীরা মোবাইলে এসএসএম, শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটের (www.educationboardresults.gov.bd) এবং সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইটের মাধ্যমে ফল সংগ্রহ করতে পারবে। মোবাইল এসএমএসের মাধ্যমেও ফল পেতে যে কোনো মোবাইলের মেসেজ অপশনে গিয়ে JSC/JDC লিখে একটি স্পেস দিয়ে নিজ বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, রোল নম্বর ও পাসের বছর (২০১৪) লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।

প্রাথমিক সমাপনীর ফল:
প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনীর ফল www.dpe.gov.bd ও http://dpe.teletalk.com.bd এবং এসএমএসের মাধ্যমে সংগ্রহ করা যাবে। এসএমএসের মাধ্যমে ফল পেতে যে কোনো মোবাইল থেকে ডিপিই, (dpe) উপজেলা কোড, রোল নম্বর এবং পাসের বছর (২০১৪) লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি ম্যাসেজে ফল জানানো হবে।