নিখোঁজ এয়ার এশিয়ার ফ্লাইট কিউজেড৮৫০১ এর ‘ধ্বংসাবশেষ’ সাগরে চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছে ইন্দোনেশিয়ার কর্তৃপক্ষ। মঙ্গলবার বিবিসির অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইন্দোনেশিয়ার বোর্নিও দ্বীপের কাছে জাভা সাগরে কয়েকটি বস্তু ভাসতে দেখা গেছে।
টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, বস্তুগুলোর মধ্যে বিমানের একটি দরজাও রয়েছে।
উদ্ধারকর্মীদের সঙ্গে থাকা এএফপির একজন ফটোগ্রাফার বলেছেন, ভাসমান বস্তুগুলোর মধ্যে একটি লাইফ র্যাফট, লাইফ জ্যাকেট ও লম্বা কমলা রঙের টিউব দেখা গেছে।
ইন্দোনেশিয়ার বিমান বাহিনীর কর্মকর্তা আগুস ডিউই পুত্রান্তো সাংবাদিকদের বলেছেন, আমার বড় ১০টি বস্তু চিহ্নিত করেছি। এছাড়া আরো অনেক ছোট ছোট সাদা রঙের বস্তুও চিহ্নিত করা হয়েছে। কিন্তু এগুলোর ছবি আমার নিতে পারিনি।
তিনি জানান, বিমানটি নিখোঁজ হওয়ার ১০ কিলোমিটার দূরে বস্তুগুলোর অবস্থান।
রবিবার ১৬২ জন যাত্রী নিয়ে এয়ারবাস এ৩২০-২০০ ইন্দোনেশিয়ার সুরাবায়া থেকে সিঙ্গাপুর যাওয়ার সময় নিখোঁজ হয়।
