শাহবাগ থানায় করা মামলায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ব্যবসায়ী আবদুল আওয়াল মিন্টুকে তিন সপ্তাহ এবং হরতালের ঘটনায় করা মামলায় গাজীপুর জেলা বিএনপি সভাপতি ফজলুল হককে মিলন দুই সপ্তাহের জামিন দিয়েছে হাইকোর্ট।
বকশীবাজারের সংঘর্ষের ঘটনায় শাহবাগ থানায় করা মামলায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ব্যবসায়ী আবদুল আওয়াল মিন্টুকে বিচারপতি মো. আবদুল হাফিজ ও বিচারপতি মো. বদরুজ্জামানের ডিভিশন বেঞ্চ তিন সপ্তাহের জামিন দেন। মিন্টুর পক্ষে শুনানিতে অংশ নেন এড. জয়নুল আবেদীন।
গত ২৪ ডিসেম্বর বকশীবাজার বিশেষ জজ আদালতে বেগম খালেদা জিয়া হাজিরা দিতে যাওয়ার সময় সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে পৃথক দুটি মামলা করে। ওই মামলায় আসামি আবদুল আওয়াল মিন্টু জামিন আবেদন করলে শুনানির একপর্যায়ে রাষ্ট্রপক্ষ সময় চান। তখন আসামি পক্ষের শুনানিতে অংশ নেয়া জয়নুল আবেদীন আদালতের দৃষ্টি আকর্ষণ করে বলেন, মিন্টু আদালতে হাজির হয়ে জামিন চেয়েছেন। তিনি বেরিয়ে গেলেই তাকে গ্রেফতার করা হবে। এরই পরিপ্রেক্ষিতে আদালতে আগামী ৩০ ডিসেম্বর পর্যন্ত মিন্টুকে গ্রেফতার বা হয়রানি না করার নির্দেশ দেয়। মঙ্গলবার শুনানি শেষে এ জামিন দেয় আদালত।
অন্যদিকে হরতালের দিনের ঘটনায় করা মামলায় গাজীপুর জেলা বিএনপি সভাপতি ফজলুল হক মিলনকে একই বেঞ্চ দুই সপ্তাহের জামিন দিয়েছে।
