টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা ধোনির

আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৪, ১৯:৩৫
 
 
 
সবাইকে অবাক করে দিয়ে হঠাৎই টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় টেস্ট শেষে ধোনির অবসরের কথা জানায় দ্য বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। এক বিবৃতিতে বোর্ড জানায়, ‘তিন ফরম্যাটের ধকল সামলাতে না পারায় টেস্ট ক্রিকেট থেকে অবসরের সিদ্বান্ত নিয়েছেন ধোনি। ফলে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের চতুর্থ ও শেষ টেস্টে দলের নেতৃত্ব দিবেন বিরাট কোহলি।’
 
অধিনায়ক হবার পর থেকে ক্রিকেটের তিন ফরম্যাটেই ভারতকে সেরা সাফল্য এনে দিয়েছেন ধোনি। টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপ জয়, ওয়ানডে বিশ্বকাপ জয় ও টেস্ট র‌্যাংকিং-এর এক নম্বরস্থানে দলকে নিয়ে যাওয়া- সবই এসেছে ধোনির নেতৃত্বে। তবে বিদেশের মাটিতে টেস্ট ফরম্যাটে ধোনির অধিনায়কত্বের পারফরমেন্স মোটেও ভালো নয়। তাই বেশ কিছুদিন ধরে ধোনির অধিনায়কত্ব নিয়ে সমালোচনাটা বড় হচ্ছে।
 
আর নিজেও হয়তো ব্যাপারটি উপলব্ধি করতে পেয়েছেন ধোনি। তাই টেস্ট ক্রিকেট ছেড়ে দেয়ার সিদ্বান্ত নিয়েছেন তিনি। ধোনির অবসরের কথা এক বিবৃতি জানিয়ে বিসিসিআই, ‘তিন ফরম্যাটের ধকল সামলাতে না পারায় টেস্ট ক্রিকেট থেকে অবসরের সিদ্বান্ত নিয়েছেন ধোনি। ফলে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের চতুর্থ ও শেষ টেস্টে দলের নেতৃত্ব দিবেন বিরাট কোহলি। টি-২০ ও ওয়ানডে ক্রিকেটে আরও মনোনিবেশ করতেই টেস্ট ফরম্যাট ছাড়ার সিদ্বান্ত ধোনির। তার সিদ্বান্তকে আমরা সাদরে গ্রহণ করেছি। টেস্ট ক্রিকেটে ভারতের হয়ে অসাধারণ অবদানের জন্য তাকে ধন্যবাদ জানাচ্ছি।’
 
ভারতের হয়ে ৯০টি টেস্টের ১৪৪ ইনিংসে ৩৮ দশমিক ০৯ গড়ে ৪৮৭৬ রান করেছেন ৩৩ বছর বয়সী ধোনি। তার এই নয় বছরের টেস্ট ক্যারিয়ারে ৬টি সেঞ্চুরি ও ৩৩ হাফ-সেঞ্চুরি রয়েছে।