মানবতাবিরোধী অপরাধে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের ফাঁসির রায়কে স্বাগত জানিয়েছে আওয়ামী লীগ। মঙ্গলবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ এই সন্তুষ্টি প্রকাশ করেন।
হাছান মাহমুদ বলেছেন, ‘যুদ্ধাপরাধী এটিএম আজহারুল ইসলামের বিরুদ্ধে ফাঁসির আদেশকে স্বাগত জানাই। এতে জনগণের প্রত্যাশা পূরণ হয়েছে বলে আমরা মনে করি।
হাছান মাহমুদ বলেন, মানবতাবিরোধী বিচার কাজ যখন শুরু হয় তখন অনেকের মধ্যে এ মর্মে সংশয় ছিল- এ রায় শেষ পর্যন্ত কার্যকর হবে না। বিচারের রায় হওয়ার পরও সংশয় ছিল। সমস্ত রক্তচক্ষু উপেক্ষা করে যুদ্ধাপরাধীদের বিচারের কাজ শুরু হয়েছে। রায় হয়েছে, কার্যকর হচ্ছে।
২০১৩ সালের মতো বিএনপি আবারও জনগণের উপর বোমা এবং পেট্রোলবোমা হামলা শুরু করেছে উল্লেখ করে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক বলেন, হরতাল পালন করার নামে এই অপশক্তি আবার মানুষ মারছে। তারা যেভাবে সাধারণ নিরীহ জনগণের ওপর হামলা, একজন স্কুল শিকিাকে হত্যা, পেট্রোল বোমা নিক্ষেপ করে মা ও তার পুত্র-কন্যাকে দগ্ধ করেছে-তা কোন সভ্য মানুষের কাজ হতে পারে না।
প্রসঙ্গত, বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আজ এ রায় ঘোষণা করে।
