হরতালের নামে জ্বালাও পোড়াও বন্ধ করুন: নাসিম

আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৪, ১৭:০৬
 
 
 
হরতালের নামে জ্বালাও-পোড়াও এবং মানুষ হত্যার রাজনীতি বন্ধ করতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি আহবান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম। খালেদা জিয়ার উদ্দেশে তিনি বলেন, ‘আপনার কি মনে হয় না, এই ধরনের জ্বালাও-পোড়াও এবং মানুষ হত্যা বন্ধ করা উচিত?’
 
রাজধানীর কাজীপাড়ায় গত ২৮ ডিসেম্বর সিএনজি অটোরিকশায় দুর্বৃত্তদের পেট্টোল বোমার আগুনে একই পরিবারের মা-সহ দুই সন্তান দগ্ধের ঘটনায় আহতদের দেখতে মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান। এ সময় মোহাম্মদ নাসিম বলেন, ‘বেগম জিয়া এটি কেন অনুধাবন করতে পারেন না- দেশে জ্বালাও-পোড়াও, মানুষ মেরে স্বার্থ উদ্ধার করা সম্ভব নয়। তাই আপনাকে বলি:‘ জ্বালাও-পোড়াও বন্ধ করুন। মানুষ হত্যা করবেন না।’