ডিএসইর সূচক ও লেনদেনে গতি ফিরেছে

আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৪, ১৭:৫১
 
 
 
 
দীর্ঘদিন পর শেয়ারবাজারে সূচক ও লেনদেন কিছুটা বেড়েছে। লেনদেন বাড়লেও এখনো কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছতে পারেনি। মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে আড়াই শ কোটি টাকার কিছুটা বেশি। অথচ ডিএসই কর্তৃপক্ষ মনে করছে, সব সময়ই বাজারে লেনদেন হওয়া উচিত পাঁচ শ কোটি টাকার বেশি। এর কম হলে বিনিয়োগকারীদের আস্থায় নেতিবাচক প্রভাব পড়বে।
এ দিকে, মঙ্গলবার বাজারে দর বৃদ্ধির ক্ষেত্রে মিউচুয়াল ফান্ডগুলো কিছুটা এগিয়ে এসেছে। দর বৃদ্ধির শীর্ষ দশ কোম্পানির চারটিই ছিল মিউচুয়াল ফান্ড।এ ছাড়া, বেশির ভাগ মিউচুয়াল ফান্ডের ইউনিটের দর বেড়েছে। ব্যাংকিং খাতেরও বেশির ভাগ কোম্পানির শেয়ারদর বেড়েছে।
তথ্যে দেখা গেছে, মঙ্গলবার ডিএসইর ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ৫০ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮৬৪ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএস-৩০ সূচক ২২ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮০৩ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ২৬৫ কোটি ৪০ লাখ টাকা। যা আগের দিনের চেয়ে ৭৫ কোটি ৮২ লাখ টাকা বেশি। লেনদেনকৃত ৩০৯টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২১৪টির, কমেছে ৫৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টি কোম্পানির শেয়ারের। অপর দিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্য সূচক আগের দিনের চেয়ে ১৪৫ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৯৩৮ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ৬২ কোটি ১৬ লাখ টাকা। যা আগের দিনের চেয়ে ৪৯ কোটি ৯৬ লাখ টাকা বেশি। লেনদেনকৃত ২৩৯টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ১৫৭টির কমেছে ৫৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টি কোম্পানির শেয়ারের।