রাজাকারের দুই পিতা ও এক মাতা: তথ্যমন্ত্রী

আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৪, ১৯:৩১
 
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, রাজাকারের দুই পিতা ও  এক মাতা। এক পিতা পাকিস্তান, অপর পিতা জিয়াউর রহমান। রাজাকারের মায়ের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন বেগম খালেদা জিয়া। পাকিস্তান রাজাকারদের রক্ষা করতে পারেনি। বেগম জিয়া যতই মাতৃ স্নেহে রাজাকারদের লালন পালন করেন না কেন তাদের রক্ষা করতে পারবেন না। কাদের মোল্লার ফাঁসি কার্যকর হয়েছে। বাংলার মাটিতে রাজাকারের বিচার হবেই। খালেদা জিয়া মিথ্যাচার, ষড়যন্ত্র, অন্তর্ঘাত, নাশকতা, ইতিহাস বিকৃতকারী এবং জনসাধারণকে জানে মারার কৌশল অবলম্বন করছেন।
মঙ্গলবার সন্ধ্যায় মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার সিরাজদিখান উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির ভাষণে একথা বলেন।
তিনি আরো বলেন, সাম্প্রদায়িকতা জঙ্গিবাদ, সামরিক শাসন এবং পাকিস্তানের আবর্জনা দুর করার চেষ্টা চালাচ্ছে বর্তমান সরকার । ষড়যন্ত্রকারীদের নেতৃত্বদানকারী বেগম খালেদা জিয়া জঙ্গি ও রাজাকারদের নিয়ে ক্ষমতায় আসার অপচেষ্টা সফল হবে না। 
তথ্য মন্ত্রী বলেন, প্রত্যেক যুদ্ধেরই একজন মহানায়ক থাকেন। ১৯৭১ সালের আমাদের মহান মুক্তিযুদ্ধের মহানায়ক ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। প্রত্যেক যুদ্ধেই পক্ষ বিপক্ষ থাকে। এই যুদ্ধের শত্রু ছিল পাকিস্তানের দালাল আলবদর ও রাজাকাররা। বাংলায় চার মীরজাফরের জন্ম হয়েছিল। জিয়াউর রহমান বাংলার চার নম্বর মীরজাফর। এছাড়া প্রথম মীরজাফর, দ্বিতীয় মীরজাফর ৭১ এর যুদ্ধে স্বাধীনতার বিরোধিতাকারী বাংলার কুসন্তানরা, তৃতীয় মীরজাফর খন্দকার মোস্তাক।
হাসানুল হক ইনু বর্তমান সরকারের উন্নয়ন ও সৃজনশীলতা উল্লেখ করে আরও বলেন, বর্তমান প্রধানমন্ত্রী সকলকে নিয়ে গণতান্ত্রিক উপায়ে দেশ ও জারি কল্যাণে মুক্তিযুদ্ধের চেতনায় নিজেকে আত্ম নিয়োগ করেছেন। যার সুফল জাতি পেতে শুরু করেছে। পরে মন্ত্রী সিরাজদিখান উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।